তালিকা তৈরি করেছেন আ.লীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩৩ জন কার্ডধারীর কাছে চাল বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতা আলী আক্কাছ তালুকদার প্রভাব খাটিয়ে ওই তালিকা তৈরি করেছিলেন। এতে অনেক সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। কিন্তু বাদ পড়েছেন হতদরিদ্র ব্যক্তিরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রির জন্য উপকারভোগী ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা। গত আগস্টে উপজেলার ছয়টি ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেওয়া হয়। গত সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট ডিলাররা কার্ডধারী এসব ব্যক্তির কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন।

আলী আক্কাছ তালুকদার নারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগী রয়েছেন ৪৩৫ জন। নাম প্রকাশ না করার শর্তে এসব ওয়ার্ডের ১০ থেকে ১২ ব্যক্তি অভিযোগ করেন, আলী আক্কাছ প্রভাব খাটিয়ে এই তালিকা করেন। এতে অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তালিকায় ধনী ব্যক্তিদের নাম স্থান পেয়েছে, কিন্তু হতদরিদ্র ব্যক্তিদের নাম নেই। এ বিষয়ে তাঁরা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠায় ২০ নভেম্বর থেকে ১৩৩ জনের কাছে চাল বিক্রি বন্ধ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে নামের গরমিল রয়েছে। অনেকে এলাকায় নেই। অনেকের অবস্থা ভালো। কার্ডধারী ব্যক্তিদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে।

আলী আক্কাছ তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান তাঁকে তালিকা তৈরির দায়িত্ব দিয়েছিলেন। তাঁর দেওয়া তালিকা তৈরিতে অনিয়ম হয়নি। তালিকার সবাই দরিদ্র।

ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম ও আলী আক্কাছ তালুকদারকে ওই তিন ওয়ার্ডের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। অনিয়মের জন্য তাঁরা দুজনেই দায়ী।

তবে নজরুল ইসলামের দাবি, তালিকা করেছেন আলী আক্কাছ তালুকদার। তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ওই তিন ওয়ার্ডের ১৩৩ জনের কাছে চাল বিক্রি বন্ধ রয়েছে। অনিয়ম প্রমাণিত হলে কার্ড বাতিল করা হবে। কয়েক দিনের মধ্যে নতুন তালিকা দেওয়া হবে।