ঈদ সামনে রেখে রমজান মাসে পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। বেতন ও বোনাস নিয়ে বিভিন্ন কারখানার শ্রমিক অসন্তোষ রোধে ইতিমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন কারখানায় গিয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠক করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, প্রতিবছর রমজান মাসে বিভিন্ন পোশাক কারখানায় বেতন ও বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এরই অংশ হিসেবে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল রোববার ইপিজেডে ডেনিম জিনস নামের একটি পোশাক কারখানায় এ ধরনের অসন্তোষ দেখা দেয়।
অসন্তোষ হতে পারে, এ অবস্থায় পুলিশের পক্ষ থেকে এ রকম পোশাক কারখানার একটি তালিকা তৈরির কাজ চলছে। কাজ কম থাকা, রুগ্ণ কিংবা অন্য যেকোনো কারণে বেতন প্রদানে বিলম্ব হতে পারে অথবা বোনাস দিতে সমস্যা হবে, এ রকম পোশাক কারখানাগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ বিষয়ে শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বলেন, ‘রমজান মাসে যাতে কোনো শ্রমিক অসন্তোষ দেখা না দেয়, তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ নিয়ে প্রশাসন কিছুটা উদ্বিগ্ন। চট্টগ্রামে এ রকম ৫০ থেকে ৭০টি গার্মেন্টস থাকতে পারে। আমরা প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করছি। এর মধ্যে আগে ঝামেলা হওয়া কারখানাগুলোও রয়েছে।’
জানা গেছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে চট্টগ্রামকে ১০টি অঞ্চলে ভাগ করে তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা ধরে বিভিন্ন গার্মেন্টসে গিয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠক করে বেতন-বোনাসের সমস্যা সমাধান করা হচ্ছে।
ইতিমধ্যে শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি দল নগরের কালুরঘাট এলাকায় বৈঠক করেছেন। বৈঠকে অন্তত ১০টি কারখানার শ্রমিক ও মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে স্টার ফ্যাশন, সারেং সু, মার্চেন্ট হাউস, সিলেকশন ফ্যাশন নামের কারখানাগুলোর প্রতিনিধিদের ডাকা হয়। এভাবে পর্যায়ক্রমে সাগরিকা, পাহাড়তলী, ইপিজেডসহ বিভিন্ন এলাকায় বৈঠক করা হবে বলে জানা গেছে।
এর আগে গত শনিবার সিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে সময়মতো বেতন ও বোনাস প্রদানের অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘আপনারা সময়মতো বেতন-ভাতা পরিশোধ করুন। এর পর যদি অকারণে কিছু হয়, তা আমরা দেখব।’
চট্টগ্রামে বিজিএমইএর সদস্যভুক্ত প্রায় ৭৮০টি কারখানা রয়েছে। এর মধ্যে বর্তমানে সাড়ে ৫০০ কারখানা চালু রয়েছে। সদস্যের বাইরেও বেশ কিছু গার্মেন্টস কারখানা রয়েছে। রমজান মাসে কিছু কারখানার বেতন-ভাতা ও বোনাস নিয়ে বিজিএমইএও উদ্বিগ্ন। তারা নিয়মিত মনিটরিং করে যাচ্ছে।
এ বিষয়ে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘পোশাকশ্রমিকদের অসন্তোষের বিষয়ে যতটা না বেতন নিয়ে, তার চেয়ে বেশি থাকে বাইরের উসকানি। রমজান মাসে ওটা আরও বেশি হয়। তবে আমরা বিষয়গুলো মাথায় রেখে নিয়মিত মনিটরিং করছি। যাদের সমস্যা আছে তা দ্রুত সমাধানের জন্য পরামর্শ দিচ্ছি।’
বিজিএমইএ সূত্র জানায়, এবার একই মাসে (জুলাই) দুইবার বেতন ও বোনাস দিতে হবে। তা দিতে গিয়ে অনেকে সমস্যায় পড়বেন। জুলাই মাসের শেষ দিকে ঈদ হওয়ায় জুন এবং জুলাই মাসের বেতনের পাশাপাশি অনেককে বোনাসও দিতে হতে পারে।