তালিকা তৈরি হয়নি, নজরদারিও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলো তিন মাস পরপর খতিয়ে দেখার কথা বললেও তা করেনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গত ৩০ জুলাই এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত হলেও গতকাল ৯ নভেম্বর পর্যন্ত কোনো সভা হয়নি। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে এ সভা হতে পারে। গত ৩০ জুলাই নির্যাতনের শিকার নারী ও শিশুর বিচার নিশ্চিতকরণে করণীয় নির্ধারণে আন্তমন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সিআইডি, র্যাব, বিভিন্ন এনজিওসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আন্তমন্ত্রণালয় সভায় যৌতুকের কারণে সাভারের গৃহবধূ সুখীর চোখ উপড়ে ফেলার ঘটনাটি আলোচনায় আসে। ইতিমধ্যে আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায়, চাকু দিয়ে খুঁচিয়ে টঙ্গীর গৃহবধূ শিউলি খাতুনের দুচোখ তুলে ফেলেছেন তাঁর স্বামী জুয়েল হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের গৃহবধূ সালমা। তাঁর দেবর রেজাউল ব্যাপারী কুপিয়েছেন সালমাকে। এতে সালমার দুটি পা হাঁটুর নিচ থেকে কাটা গেছে। ডান হাতের কবজিটিও প্রায় বিচ্ছিন্ন।
মন্ত্রণালয় এবং ওই দিনের সভায় উপস্থিত একাধিক প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সভা করা ছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এনজিও প্রতিনিধিদের কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাঞ্চল্যকর মামলার পরিসংখ্যান বা কোনো তালিকাও চাওয়া হয়নি।
গতকাল সোমবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘চাঞ্চল্যকর মামলাগুলো মনিটর করার জন্য একটি সভা করেছি। ডিসেম্বর মাসে আবার একটি সভা ডাকা হবে। গত সভায় রাজন ও রাকিব হত্যা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছিল। ওই দুটি মামলার অগ্রগতি ভালো।’
ডিসেম্বর মাসে সভা হলে কোন কোন মামলা মনিটরিং হবে কিংবা এ পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাঞ্চল্যকর মামলাগুলোর কোনো তালিকা করা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন নতুন ঘটনা ঘটে যাচ্ছে। পত্রপত্রিকায় ঘটনাগুলো প্রকাশিত হচ্ছে। তাই এ মুহূর্তে কোনো তালিকা দিতে পারছি না। বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমি নিজেই সরাসরি এসপি বা ওসিকে ফোন দিই। তাঁদের মামলার অগ্রগতি জানাতে বলি। আমাদের মূল উদ্দেশ্যই হলো দ্রুততার সঙ্গে মামলাগুলো নিষ্পত্তি করা। কোন সংস্থার কোথায় সীমাবদ্ধতা আছে, তা খুঁজে বের করা।’
গত রোববার পৃথক রায়ে সিলেটের সবজিবিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) ও খুলনায় গ্যারেজ-কর্মী শিশু রাকিব (১২) হত্যা মামলার রায়ে ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ দুটি হত্যাকাণ্ডের এ দণ্ডাদেশকে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার নজির বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুই হত্যা মামলার একটিতে ১৭ বিচারিক কার্যদিবস এবং অপরটিতে ১০ কার্যদিবস শেষে গতকাল এ রায় ঘোষণা করা হয়।
আন্তমন্ত্রণালয় সভায় উপস্থিত এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘রাজন ও রাকিবের ঘটনায় ভিডিওসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ছিল। আর সব থেকে বড় কথা, সরকারের সদিচ্ছা থাকলে তার যে ফল পাওয়া যায়, এ রায় তার প্রমাণ।’ ওই সভার পর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, ‘অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, যা গণমাধ্যমে আসে না। আমাদের সমিতির কাছেই পাচারসহ অনেকগুলো কেস আছে। অনেক মামলা বছরের পর বছর ঘুরতে থাকে। অনেক মামলায় ক্ষতিগ্রস্তরাই শেষ পর্যন্ত হারিয়ে যায়। এ ধরনের মামলাগুলো নজরদারির আওতায় আনতে হবে। মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তালিকা চায়নি। আমরা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।’
আন্তমন্ত্রণালয় সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন জানিয়েছিলেন, ২০০১ সালের আগস্ট মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ২৩ হাজার ৩৪ জন নির্যাতনের শিকার নারী ও শিশু সেবা নিয়েছে। এর মধ্যে মামলা হয়েছে ৫ হাজার ১৪৯টি। বিচারের রায় হয়েছে ৮৮৪টি মামলার। এর মধ্যে শাস্তি কার্যকর হয়েছে ১০৯ জনের।