তালিকা তৈরিতে অনিয়ম, বদরগঞ্জে গম কেনা বন্ধ
শুরুর দুই দিন পর রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে গম ক্রয় অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। গমচাষিদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক এই কার্যক্রম বন্ধ করে দেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর, কালুপাড়া ইউনিয়ন ও পৌরসভার ১৪-১৫ জন কৃষক গত বুধবার উপজেলা খাদ্য কার্যালয়ে গমচাষিদের নামের তালিকায় ব্যাপক অনিয়ম হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেন। ১১ মে ওই গম ক্রয় অভিযান শুরু করা হয়।
পৌরসভার কৃষক আবু তালহা, মধুপুরের মাহমুদ হোসেন, শেখেরহাটের লিটু মিয়া অভিযোগ করেন, উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের যোগসাজশে প্রকৃত গমচাষিদের নাম বাদ দিয়ে তালিকা তৈরি করেছেন। এই সুযোগে খাদ্যগুদামে চাষিদের নামে-বেনামে গম দিয়ে ফায়দা লুটছেন ওই জনপ্রতিনিধিরা। তালিকা সংশোধন না করা পর্যন্ত তাঁরা খাদ্যগুদামে গম ক্রয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ভুয়া গমচাষির তালিকা তৈরি এবং গুদামে চাষিদের নামে গম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অন্য ইউনিয়নে হলেও তাঁর ইউনিয়নে এমন ঘটনা ঘটেনি।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে আমরা প্রকৃত গমচাষিদের তালিকা চেয়েছিলাম। কিন্তু তাঁরা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম করেছেন। তালিকায় প্রকৃত অনেক চাষির নাম নেই। অনেক ভুয়া চাষির নাম তালিকায় স্থান পেয়েছে। তাই চাষিদের অভিযোগের ভিত্তিতে গম ক্রয় অভিযান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুই দিনে মাত্র ৭০ টন গম কেনা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ৪৯২ টন গম কেনা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি অভিযোগ করেন, ‘আমার বাবাও একজন গমচাষি। অথচ তাঁর নাম তালিকায় নেই।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘ওপরের নির্দেশে চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে সমন্বয় করে গমচাষিদের তালিকা তৈরি করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছি। কোন কৃষক গম চাষ করেছে, আর কে করেনি, তা আমরা জানি। কিন্তু আমাদের হাত-পা বাঁধা। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা গম ক্রয় কমিটির সভাপতি খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পুনরায় সভা করে গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।