ঠাকুরগাঁও সদর উপজেলার কর্মসৃজন কর্মসূচির অতিদরিদ্রদের তালিকায় সরকারদলীয় নেতা-কর্মীরা ভাগ বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব তালিকায় অন্তর্ভুক্ত করতে অতিদরিদ্রদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৯টি ইউনিয়নে ২০১১-১২ অর্থবছরের কর্মসৃজন কর্মসূচির আওতায় দুই কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা তিন হাজার ৯৮২ জন। প্রতি কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সপ্তাহে শনি থেকে বুধবার কাজ করবেন শ্রমিকেরা। বিনিময়ে তাঁরা দৈনিক ১৭৫ টাকা হারে মজুরি পাবেন। ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্র শ্রমিক বাছাই কমিটির মাধ্যমে তালিকা তৈরির কথা থাকলেও বাছাই কমিটিকে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না দিয়ে সে তালিকায় ভাগ বসিয়েছেন সরকারদলীয় নেতা-কর্মীরা।খোঁজ নিয়ে জানা গেছে, সালন্দর ইউনিয়নে বাছাই কমিটির তালিকাভুক্ত ২১৪ জন শ্রমিকের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাগ নিয়ে দিয়েছেন ৬৩ জনের। নারগুন ইউনিয়নের ১৮৯ জনের মধ্যে ৫৫ জন, রায়পুর ইউনিয়নের ২১৬ জনের মধ্যে ৫৪ জন, রাজাগাঁও ইউনিয়নের ১৮৮ জনের মধ্যে ৪৫ জন, আউলিয়াপুর ইউনিয়নের ২০৭ জনের মধ্যে ৫০ জন, রহিমানপুর ইউনিয়নের ২২৯ জনের মধ্যে ৬৫ জন, বালিয়া ইউনিয়নে ২০৯ জনের মধ্যে ৫৫ জন শ্রমিকের তালিকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তৈরি করেছেন। এ ছাড়া অন্য সব ইউনিয়নেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে তালিকা তৈরি করা হয়েছে।সদর উপজেলার কর্মসৃজন কর্মসূচির সরকারদলীয় কোটার বিষয়টি সমন্বয় করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী। তিনি সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে তালিকা তৈরি করতে বলেন। গত ২৬ নভেম্বর সালন্দর ইউনিয়নে সরকারদলীয় কোটা ভাগাভাগি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বের কারণে মাটি কাটার কাজ বন্ধ করে দেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা।সালন্দর ইউনিয়নের মোজাতিপাড়ার বেবি বেগম অভিযোগ করে বলেন, মেম্বারের কাছে অনেক যোগাযোগ করেও তালিকায় তিনি ঢুকতে পারেননি। উপায় না দেখে আওয়ামী লীগের নেতাকে টাকা দেওয়ার পর কাজ করার সুযোগ পান। জামুড়িপাড়ার সহিদা বেগম বলেন, ‘নেতারা কাহকে টাকা ছাড়া মাটি কাটিবার কাজে ঢুকায়নি। হামাকও ৫০০ টাকা করে দিবা হইছে।’শুকানপুখুরী ইউপির চেয়ারম্যান ফয়জুল হক প্রধান বলেন, সবকিছু মেনেই কাজ চালিয়ে যেতে হয়। কর্মসৃজন কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হচ্ছে। রাজাগাঁও ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, তালিকায় সরকারদলীয় নেতা-কর্মীদের ভাগ দিতে বাধ্য করা হয়েছে। যাঁরা ভাগ দিতে আস্বীকার করেন, তাঁদের নানাভাবে হয়রানি করা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাজেদুল হক বলেন, তালিকা ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা তৈরি করেছেন। তাঁরা কয়েকজনকে তালিকায় ঢুকিয়েছেন মাত্র। তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আর্থিক সুবিধা নেওয়ার কথা ঠিক নয় বলে দাবি করেন তিনি। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল হক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, বাছাই কমিটির মাধ্যমে শ্রমিকের তালিকা করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে কমিটির সবার মধ্যে সমন্বয় করে তালিকা তৈরি করতে পরামর্শ দেওয়া হয়। তবে দলীয়ভাবে ভাগবাটোয়ারার কথা অস্বীকার করেন তিনি।