ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরির কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরিদ্রদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা, তাঁদের আত্মীয়স্বজন, ব্যবসায়ী, শিক্ষক ও ধনাঢ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নির্দেশে এই তালিকা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছিল। মহাজোটের শরিক হয়েও তিনি (উপজেলা চেয়ারম্যান) যদি এখন এই অভিযোগ আনেন, তাহলে বুঝতে হবে তিনি বিএনপির হয়ে গেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। তালিকায় কারও নাম দিয়ে কি আমার ১০ টাকা লাভ হবে?’প্রকল্পের বিভিন্ন অনিয়মের ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান উপজেলা চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সারওয়ার চৌধুরী ও আখানগর ইউপির চেয়ারম্যান আবদুল জব্বার।সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মার্চ মাসে সদর উপজেলার চিলারং, আকচা, আখানগর ও শুখানপুকুরী ইউনিয়নের ২০টি গ্রামের প্রতিটি থেকে ১২০টি খানা মানদণ্ড অনুযায়ী (গ্রামের দরিদ্র নারী যিনি খানাপ্রধান, শুধু বসতভিটা আছে এমন খানা, ভিটেবাড়িসহ ৫০ শতক জমি আছে এমন ব্যক্তি ও যার নিয়মিত আয়ের উৎস নেই) নির্বাচন করে জেলা সমন্বয়কারীর মাধ্যমে প্রকল্প পরিচালকের কাছে জমা দিতে নির্দেশনা দেয়। এই নির্দেশনার পর পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভীনকে ডেকে প্রকল্পের উপকারভোগীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার দায়িত্ব দেন। তাঁরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নের নির্ধারিত পাঁচটি গ্রামের প্রতিটি থেকে মানদণ্ডের ভিত্তিতে ১২০টি খানা প্রাথমিকভাবে নির্বাচন করেন। এই তালিকা গত বছরের (২০১০ সাল) জুলাইয়ে উপজেলা কমিটির সদস্য-সচিবের কাছে জমা দেওয়া হয়।উপজেলা চেয়ারম্যান অভিযোগ করে বলেন, দলীয় নেতা-কর্মীদের নাম উপকারভোগীর তালিকায় ওঠেনি—এই অজুহাতে পানিসম্পদমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতারা যেসব তালিকায় দলীয় লোকজনের নাম রয়েছে সে তালিকা রেখে বাকি তালিকাগুলো ছিঁড়ে ফেলেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে চাপ দিয়ে নতুন তালিকা তৈরি করে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়। চূড়ান্ত তালিকায় নাম রাখার প্রলোভন দেখিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চূড়ান্ত তালিকা করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রাথমিক তালিকায় স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষর নেই এবং খানা নির্বাচনে ব্যাপক স্বজনপ্রীতি, দলীয়করণ করা হয়েছে—এই অভিযোগ এনে তালিকায় সই দিতে অস্বীকৃতি জানান। ফলে তালিকা চূড়ান্তকরণের কাজ বেশ কয়েক মাস ঝুলে থাকে। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে কয়েক দফায় উপজেলা চেয়ারম্যানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। উপায় না পেয়ে গত ৩ জুলাই মন্ত্রী নিজেই প্রাথমিক তালিকায় স্বাক্ষর করেন। এরপর মন্ত্রীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সই করে তালিকা চূড়ান্ত করেন।কিন্তু ইউএনও বদলি হয়ে গেলে প্রাথমিকভাবে নির্বাচিত ১২০টি খানার তালিকা থেকে ৬০টি খানার চূড়ান্ত তালিকা তৈরির কাজ অনেকটা স্থবির হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী গত জানুয়ারি মাসে ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরীকে দিয়ে তালিকাগুলোতে স্বাক্ষর করিয়ে নেন। যদিও ভাইস চেয়ারম্যান উপজেলা সমন্বয় কমিটির সভাপতি নন। গত ৫ জানুয়ারি মন্ত্রী নিজেই তালিকায় স্বাক্ষর করে বর্তমান ইউএনও তৌহিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেন। ইউএনও ৬ জানুয়ারি তালিকায় সই করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি সম্প্রতি প্রকল্পের তালিকায় ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর নিজের স্বাক্ষর করার যৌক্তিকতা জানতে চাইলে মন্ত্রী বিরক্ত হয়ে বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প দলীয় প্রকল্প। এখানে দলের লোকজনই অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে আমি যা পেরেছি করেছি, তুমি পারলে বন্ধ করো।’ আকচা ইউপির চেয়ারম্যান গোলাম সারওয়ার চৌধুরী অভিযোগ করে বলেন, তালিকা থেকে দরিদ্রদের নাম বাদ দিয়ে প্রকল্পের শর্ত ভেঙে অন্তর্ভুক্ত করা হয়েছে যুবলীগের ইউনিয়ন সভাপতি আবদুল হামিদ, আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দবির উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান, সাদেকুল ইসলাম ও স্কুলশিক্ষক বাসেদের ছেলে শাহিদ মুক্তার নাম। এ ছাড়া এক গ্রামের কয়েকজনকে অন্য গ্রামের তালিকায় এবং একই পরিবারের একাধিক নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল জব্বার জানান, কর্তৃপক্ষের চিঠি পেয়ে ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে প্রকল্পের মানদণ্ড মেনে উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়। কিন্তু রাজনৈতিক চাপে সেটা ধরে রাখা যায়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।