ভোলায় মন্ত্রণালয়ের নীতিমালা না মেনে সুবিধাভোগী জেলেদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরির জন্য করা কমিটির জেলে সদস্যদের বাদ দিয়ে মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।এ কারণে প্রকৃত জেলেরা ওই তালিকা থেকে বাদ পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। নীতিমালা মেনে কাজ করার জন্য তজুমদ্দিন উপজেলার জেলে সমিতিগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর ১ মার্চ উকিল নোটিশ পাঠিয়েছে।জানা গেছে, ভোলায় মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটারে মার্চ-এপ্রিল সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ। ইলিশের অভয়াশ্রম সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়।এ সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ায় ভোলার ৪০ হাজার ৩৭২টি অসহায় জেলে পরিবারকে সংসার চালানোর জন্য চার মাসে (ফেব্রুয়ারি-মে) ১২০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া বিকল্প কর্মসংস্থানের জন্য দুই হাজার ৫৪২ জনকে ভ্যান, গরু ও রিকশা কেনার জন্য এক কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হকের গত ৩০ নভেম্বরের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করতে ইউনিয়ন পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করতে হবে। কমিটির সভাপতি হবেন ইউপি চেয়ারম্যান, সদস্যসচিব উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এবং দুজন সদস্য হবেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ও জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির।ভোলায় এ নীতিমালা মেনে জেলেদের তালিকা তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। কিন্তু নীতিমালার শর্ত অনুযায়ী জেলে প্রতিনিধিদের দিয়ে জেলার সাতটি উপজেলার জেলেদের তালিকা তৈরি করা হচ্ছে না। তজুমদ্দিন উপজেলায় মৎস্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা কমিটির জেলে সদস্যদের বাদ দিয়ে এ তালিকা তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কমিটিতে জেলে প্রতিনিধি হিসেবে ছিলেন মো. ইব্রাহিম ও শাহজাহান ব্যাপারী। তাঁদের বাদ দিয়ে তালিকা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।চাঁদপুরের কমিটির জেলে প্রতিনিধি অভিযোগ করেন, তাঁদের বাদ দিয়ে মৎস্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান তালিকা তৈরি করছেন। ওই তালিকায় রাজনৈতিক কর্মী ও ধনীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।তজুমদ্দিনের মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘মৎস্যজীবী সমিতির নেতারা নিজেদের আত্মীয়দের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। এ জন্য আমরা জেলেদের তালিকা তৈরিতে জেলে প্রতিনিধিদের রাখিনি।’