তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে। এর মধ্যে কিছু লোক মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়ে নানা ধরনের সুবিধা নিচ্ছেন। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হবে।গতকাল শুক্রবার ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদারের বাবা আবুল খায়ের মজুমদারের চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।প্রতিমন্ত্রী বেলা আড়াইটার দিকে সাউথ এশিয়া এয়ারলাইনসের একটি হেলিকপ্টারে করে পরশুরাম পাইলট স্কুলের মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে চেহলাম (চল্লিশা) অনুষ্ঠানে যোগ দেন।সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির জন্য নির্ধারিত কোটা মানা হবে। মুক্তিযোদ্ধা না হয়েও এর আগে যাঁরা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, তাঁদের সনদ বাতিল করা হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতিমন্ত্রীর পরশুরাম সফর-সংক্রান্ত চিঠিতে ‘ইহা সরকারী সফর’ লেখা থাকলেও সেখানে কোনো সরকারি কর্মসূচি ছিল না।