তালিকা থেকে ৪২ জনের নাম এখনো বাদ দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে কাজ না করে টাকা উত্তোলনকারী সেই ৪২ জনের নাম গতকাল শনিবার পর্যন্ত কর্মসৃজন প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মচারী, গ্রামপুলিশের স্ত্রী-সন্তান, আনসার সদস্যসহ ৪২ জন কাজ না করে দুই বছর ধরে কর্মসৃজনের টাকা তুলছেন। এ ব্যাপারে ৩ জুন ‘কাজ না করে কর্মসৃজনের টাকা উত্তোলন’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক নবীউল করিম জানান, দামোদরপুর ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের টাকা গত বৃহস্পতিবারও ওই ৪২ জন তুলেছেন। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার ব্যাংক থেকে কর্মসৃজনের টাকা শ্রমিকদের দেওয়া হয়।
পিআইও মিজানুর রহমান বলেন, ‘পত্রিকায় কর্মসৃজনের তালিকায় আমার কার্যালয়ের দুই কর্মচারীর নাম আসায় তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।’ কাজ না করে টাকা উত্তোলনকারী অন্য ৪০ জনের নাম বাদ দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়।’
এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বিষয়টি আমি নিজেই তদন্ত করে ব্যবস্থা নেব। কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না।’