ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তিনটি ইউনিয়নে গত এক মাস ১০ টাকা কেজি দরের চাল বিক্রি বন্ধ ছিল। উপজেলা প্রশাসন ওই তিনটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়ায় এ উদ্যোগ নেয়। তবে তালিকা সংশোধন করে গতকাল মঙ্গলবার থেকে সেখানে চাল বিক্রি শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে সুবিধাভোগী ৮ হাজার ৩২০ জন। সেপ্টেম্বর মাসে প্রথম দফায় নয়টি ইউনিয়নেই চাল বিক্রি হয়। এ সময় তালিকা তৈরির বিষয়ে অভিযোগ ওঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তা যাচাই বাছাই শুরু করেন। বেশি অনিয়ম থাকায় তিনি শাহবাজপুর, কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নে অক্টোবর মাসে চাল বিক্রি বন্ধ রাখেন। গত সোমবার ১ হাজার ৩৯৪ জনকে তালিকা থেকে বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে শাহবাজপুরে ৭৮৫ জনের সবাইকেই বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া নোয়াগাঁও ইউনিয়নের ৯৯৯ জনের মধ্যে ৫১১ ও কালীকচ্ছ ইউনিয়নের ৮০৯ জনের মধ্যে ৯৮ জনের নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, গরিবের চাল বিক্রিতে স্বচ্ছতা আনার জন্যই তিনটি ইউনিয়নের চাল বিক্রি এক মাস বন্ধ রাখা হয়েছিল। এখন গরিবের চাল গরিবকেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।