তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
আজ সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকা থেকে র‌্যাব নুরুল হুদা, তাঁর ভাই শামসুল হুদাকে গ্রেপ্তার ও কর্মচারী মো. ইসমাইলকে আটক করে। এ সময় র‌্যাব নুরুল হুদার কাছ থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করে। শামসুল হুদার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়।
গ্রেপ্তার হওয়া নুরুল হুদার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের লেদা গ্রামে। বাবার নাম আবুল হাশেম।

সূত্র জানায়, নুরুল হুদা ও তাঁর বড় ভাই নুর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। গত ১২ জানুয়ারি দুপুরে র‌্যাব সদস্যরা লেদা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। এ সময় ইয়াবা বিক্রির তিন লাখ ৮৯ হাজার টাকাসহ নুর মোহাম্মদের স্ত্রী মিনারা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়। মিনারা কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।
র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর কাজী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে নুরুল হুদা, তাঁর ভাই শামসুল হুদা ও কর্মচারী ইসমাইল একটি মাইক্রোবাসে টেকনাফ যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। র‌্যাব নুরুল হুদার শরীর তল্লাশি করে সাত হাজার পিচ ইয়াবা এবং অন্যদের কাছ থেকে পাঁচটি তাজা গুলিসহ একটি এলজি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হুদা ইয়াবা চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

সূত্র আরও জানায়, নুরুল হুদা, নুর মোহাম্মদ, মিনারা বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র‌্যাবের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁদের সবার বিরুদ্ধে টেকনাফ থানায় মোট ১৯টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর কাজী মো. রাশেদুল আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক তিন ইয়াবা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর রামু থানার পুলিশে সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হবে।