তালিকাভুক্ত জেলেরা এখনো চাল পাননি, বাদ পড়ছেন তিন হাজার জেলে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুনর্বাসনের তালিকাভুক্ত এক হাজার ৯০০ জেলে এখনো চাল পাননি। এ ছাড়া তালিকা থেকে বাদ পড়েছে উপজেলার পাঁচ ইউনিয়নের তিন হাজার জেলের নাম। জানা গেছে, ইলিশের প্রজননস্থল বলেশ্বর নদে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় উপজেলার পাঁচ হাজারের বেশি জেলে কর্মহীন হয়ে পড়েছেন।জেলেরা জানান, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস তাঁদের ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। তাঁরা ১ মার্চ থেকে নদীতে জাল ফেলা বন্ধ রেখেছেন। অথচ পুনর্বাসনের তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় তাঁরা চাল পাচ্ছেন না। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নে ৬৫০ জন, তুষখালীতে ৩৫০ জন, বড়মাছুয়ায় ৪০০ জন, আমড়াগাছিয়ায় ২৫০ জন ও বেতমোরে ২৫০ জন জেলের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের প্রত্যেকে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল সহায়তা পাবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল বাশার বলেন, ‘প্রাথমিকভাবে পাঁচ হাজার জেলের তালিকা করেছি। সরকারি বরাদ্দ কম হওয়ায় ওই তালিকা থেকে তিন হাজার জেলের নাম বাদ দিতে হচ্ছে। তালিকা করতে কিছুটা সময় লেগে যাওয়ায় জেলেদের যথাসময়ে চাল দেওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে জেলেরা চাল পেয়ে যাবে।’