তালিকাভুক্ত দুই সন্ত্রাসী হতে চান জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে মিরসরাই থানার তালিকাভুক্ত দুই সন্ত্রাসী মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করছেন। থানার তালিকাভুক্ত ১০ নম্বর সন্ত্রাসী মঈন উদ্দীন ওরফে লিটন বারইয়ারহাট পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী। একই তালিকার ৯ নম্বর সন্ত্রাসী ফারুক আলম ওরফে পলাশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মিরসরাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় মামলাসংক্রান্ত যে বর্ণনা প্রার্থীরা দিয়েছেন, তা যাচাই করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, মঈন উদ্দীন বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি ও ফারুক আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক বারইয়ারহাট পৌর এলাকার একাধিক ভোটার বলেন, জেনেশুনে কেউ সন্ত্রাসীকে ভোট দেবে না। কারণ, তাঁরা নিজেরাই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। ফলে কীভাবে তারা সন্ত্রাস নির্মূল করবেন? এ ব্যাপারে মিরসরাই সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সাধারণ সম্পাদক মো. সাহদাত হোসেন বলেন, ‘সুজন সব সময় সন্ত্রাসী, কালোবাজারির বিরুদ্ধে। ভোটারদের শপথ করিয়েছি এদের ভোট না দেওয়ার জন্য।’ অনুসন্ধানে জানা গেছে, মঈন উদ্দীনের বিরুদ্ধে ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিস্ফোরক, হত্যা ও শ্লীলতাহানির অভিযোগে একাধিক মামলা হয়। মামলাগুলো এখনো বিচারাধীন। মিরসরাই থানা সূত্র জানায়, ২০০১ সালে ফেনীর ফুলগাজীর হাসনাত মোহাম্মদ বাবুকে হত্যার অভিযোগে নিহত ব্যক্তির ভাই শেখ মো. ফজলে ইমাম চৌধুরী বাদী হয়ে মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ মঈন উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৩ সালের ২৩ অক্টোবর চিনকী আস্তানা রেলওয়ে কলোনির হোসনে আরা বেগম মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে মঈন উদ্দীনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ মামলায়ও মঈন উদ্দীনকে দায়ী করে অভিযোগপত্র দেয় পুলিশ। ঘটনা দুটি চারদলীয় জোট সরকারের আমলের। অন্যদিকে ফারুক আলমের বিরুদ্ধেও মিরসরাই থানায় মারধর ও অগ্নিসংযোগসহ বেশ কিছু অপরাধে মামলা হয়েছে। চিনকী আস্তানায় শ্লীলতাহানির ওই অভিযোগে দায়ের করা মামলায় ফারুক আলমও আসামি ছিলেন। সন্ত্রাসী তালিকায় নাম থাকার ব্যাপারে বিস্ময় প্রকাশ করে মেয়র পদপ্রার্থী মঈন উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ প্রশাসন কিসের ভিত্তিতে এই তালিকা করে তা জানা দরকার। আমি কোনো সন্ত্রাসী কাজে জড়িত কি না, তা এলাকায় গিয়ে খোঁজ নিন।’ কাউন্সিলর পদপ্রার্থী ফারুক আলম বলেন, ‘কিসের ভিত্তিতে পুলিশ সন্ত্রাসী হিসেবে আমার নাম তালিকাভুক্ত করল তা বুঝতে পারছি না। আমি আপনার কাছে প্রথম জানলাম।’ তাঁর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো সব রাজনৈতিক মামলা।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, পলাশ ও লিটন তালিকাভুক্ত সন্ত্রাসী। বর্তমানে তাঁরা বিভিন্ন মামলায় জামিনে মুক্ত আছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ কুতুব বলেন, নির্বাচনে অংশ নিতে তাঁদের কোনো বাধা নেই। তাঁরা যদি সন্ত্রাসী হয়ে থাকেন, সেটা জনগণ বিচার করবে।