সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের আদিবাসী-অধ্যুষিত বোয়ালপুকুর গ্রামটি ৪০ বছরেও সরকারি খাতায় তালিকাভুক্ত না হওয়ায় গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়নি।জানা গেছে, উপজেলার তালম ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে গ্রামটির অবস্থান। আদিবাসী উঁরাও সম্প্রদায়ের ৮৫টি পরিবারের প্রায় ৫০০ সদস্য এ গ্রামে বাস করে। তাদের পাশাপাশি রয়েছে মুসলিম ও হিন্দুসম্প্রদায়ের বাসিন্দা। সব মিলিয়ে এ গ্রামে প্রায় ৮০০ লোকের বাস।১ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, গ্রামবাসীদের লেখাপড়ার জন্য রয়েছে একটি আদিবাসী মাতৃভাষা সাদরি স্কুল। মুসলমানদের মসজিদের পাশাপাশি রয়েছে হিন্দুসম্প্রদায়ের মন্দির। গ্রাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। লোকজন বিভিন্ন বাড়ির পাশ দিয়ে এবং খেতের আইল দিয়ে প্রায় দেড় কিলোমিটার হেঁটে মূল সড়কে ওঠে।গ্রামের রুহিনি কান্ত উঁরাও বলেন, ‘গ্রাম থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার উপায় নাই। জমির আইল দিয়ে তো আর রোগী বহন করা যায় না।’ অর্চনা কেরকেটা বলেন, কোনো মহিলার সমস্যা হলে হাসপাতালে নেওয়া তো দূরের কথা, কোনো চিকিৎসককে ডেকে আনা সম্ভব হয় না। রাস্তা না থাকায় কোনো চিকিৎসক আসতে চান না।শিক্ষক শীলা তিরকি বলেন, ‘চলাচলের অসুবিধার কারণে কোনো আত্মীয়স্বজন পারতপক্ষে আমাদের বাড়িতে আসতে চায় না।’ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালতী রানী উঁরাও বলেন, ‘এই গ্রাম থেকে বের হওয়ার জন্য একটি সড়কের জন্য আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি।’আদিবাসী নেতা রবিন হেমব্রম বলেন, ‘ভোটের সময় সবাই ভোট চাইতে আসে। সংখ্যালঘু হওয়ায় আমাদের দাবি ঊর্ধ্বতন পর্যায়ে হয়তো পৌঁছায় না। তেমনি প্রশাসনিক কর্মকর্তারাও এদিকে কোনো দিন আসেন না। ফলে ৪০ বছর ধরে গ্রামটি অন্ধকারেই পড়ে আছে।’তালম ইউপির চেয়ারম্যান আব্বাস উজ জামান বলেন, ‘বোয়ালপুকুর থেকে একটা রাস্তা নির্মাণ করা আমার নির্বাচনী ওয়াদা ছিল। সে কারণে বিষয়টি স্থানীয় সাংসদের কাছে তুলে ধরেছি। সহযোগিতা পেলে সড়কটি নির্মাণ করা হবে।’তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কেবল নিবন্ধন করা এলাকায় রাস্তা নির্মাণ করতে পারে। বোয়ালপুকুর গ্রাম আমাদের বিভাগের নিবন্ধনভুক্ত নয়। এ কারণে আপাতত এলজিইডির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ করতে পারেন।’