তালিকাভুক্ত শিল্পীদের বঞ্চিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে চার মাস ধরে তালিকাভুক্ত শিল্পীদের অনুষ্ঠান ধারণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থা। তাদের অভিযোগ, কেন্দ্রের বর্তমান মহাব্যবস্থাপক কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই ৩৮ জন লোক নিয়োগ দিয়েছেন। তাদের বেতন দেওয়া হচ্ছে শিল্পী সম্মানী থেকে। সরকারি প্রতিষ্ঠানের কোনো নীতিমালাই এ কেন্দ্রে মানা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি কায়সারুল আলম, সহসভাপতি শেখ শহীদুল আনোয়ার, মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের, সহসাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ খান প্রমুখ।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনিয়ম আর দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বর্তমান মহাব্যবস্থাপক (জিএম) জাঁ নেসার ওসমান গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রে যোগদানের পর চার মাস ধরে তালিকাভুক্ত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের নিয়ে কোনো সংগীতানুষ্ঠান ধারণ করা হয়নি। শিল্পীদের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ওই টাকা দিয়ে জিএমের নিয়োগপ্রাপ্ত প্রযোজক ও এডিটর সহযোগীদের বেতন দেওয়া হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গুটিকয়েক ব্যক্তিকে বারবার ডেকে টক শো করা হচ্ছে। সম্মানী বাবদ তাঁদের সঙ্গে সঙ্গে চেক দেওয়া হলেও শিল্পীদের চেক দেওয়া হয় না। এ কেন্দ্রে বর্তমানে সরকারি কোনো প্রযোজক নেই। আগে যাঁরা ছিলেন জিএমের নানা অনিয়মের প্রতিবাদ করায় তাঁদের জোরপূর্বক ঢাকা কেন্দ্রে বদলি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাঁ নেসার ওসমানের সময়কালের সব কর্মকাণ্ডের তদন্ত দাবি করা হয়।
এদিকে সংবাদ সম্মেলনে তুলে ধরা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক জাঁ নেসার ওসমান প্রথম আলোকে বলেন, ‘সব অভিযোগই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এখানে যোগদান করে দেখেছি, অনেকে লালন বা রবীন্দ্র সংগীতকেও নিজের নামে প্রচার করে সুরকার বা গীতিকার হিসেবে সম্মানী নিয়েছেন। অনেক অযোগ্য শিল্পী টাকার বিনিময়ে এখানে গান করেছেন। এ রকম অনেক দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে দেওয়ায় এক শ্রেণির মানুষ আমার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা প্রচার করছে।’