তালিকাভুক্ত সন্ত্রাসীসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুসলেমহাটি গ্রামে গতকাল বৃহস্পতিবার মো. বাবু (২২) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। একই দিন গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন ওরফে চোক্কা সুমনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে নবাবগঞ্জ উপজেলার মুসলিমহাটি গ্রামের মরাডাঙ্গী সেতুর কাছে দোহার উপজেলার শওকত হোসেন নামের এক যুবক মোটরসাইকেলে দুই মেয়েকে নিয়ে ঘুরতে আসেন। এ সময় ওই এলাকার মো. বাবু মোটরসাইকেল আটকে চাঁদা দাবি করেন।
তবে চাঁদা না দেওয়ায় মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাবু।এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবুর শরীরে পিস্তলের গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দ শুনে পথচারীরা শওকতকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ অস্ত্রটি জব্দ ও শওকতকে গ্রেপ্তার করে।
পুলিশ হেফাজতে শওকত বলেছেন, ধস্তাধস্তির সময় বাবুর কোমরে থাকা পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। সেই গুলিতেই বাবুর মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, পিস্তলটি কার—সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুরের ঘটনায় এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর শেরেবাংলা রোড এলাকায় একটি গ্রিলের দোকানের শাটারগেট খুলতে যান ওই যুবক। এ সময় ঘরে থাকা লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন।
পরে এলাকাবাসী ওই যুবককে ধরে গণপিটুনি দেন। এর প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে। তাঁর পরনে জিনসের ফুলপ্যান্ট ও লাল চেক শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, চুরি করতে যুবক দোকানে ঢোকার চেষ্টা করেন।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, গতকাল সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই যুবক। তাঁর দেহের বিভিন্ন স্থানে মারধর ও জখমের চিহ্ন রয়েছে। টঙ্গী থানার উপপরিদর্শক মো. আজিজুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ঘটনায় পুলিশ ও নিহত সুমনের পরিবার জানায়, সোমবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সুমন। পরদিন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নগরের পাইকপাড়া কবরস্থানের সামনে কে বা কারা তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।
তাঁর মাথা ও শরীরে পিটুনি এবং ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মুখ দিয়েও রক্ত ঝরছিল। এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত আটটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সমুনকে হত্যা করেছে। এ ঘটনায় সুমনের বাবা মফিজ মিয়া ওই রাতেই নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি কাউকে আসামি করেননি।
এজাহারে উল্লেখ করা হয়, সুমন ঢাকার পোস্তগোলায় ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন। ঈদের ছুটিতে তিনি সোমবার বাসায় আসেন। ওই রাতে তিনি বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
সুমনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে। গতকাল নারায়ণগঞ্জ সদর থানার এসআই শাহজালাল বলেন, সুমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।