চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসকাজে অপারেটর তালিকাভুক্তির জন্য প্রাক-যোগ্যতাপত্র আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু প্রাক-যোগ্যতাপত্রে কঠিন শর্তের কারণে বর্তমানে নিয়োজিত অপারেটররা ছাড়া নতুন কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, তালিকাভুক্তির নামে বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেই বহাল রাখা হচ্ছে। জানা গেছে, জেটির মতো বহির্নোঙরেও দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের বিষয়ে গেজেট প্রকাশ করা হয় ২০০৭ সালের ২৮ নভেম্বর। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বছর ১২টি জেটিতে দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হয়। এ সময় বহির্নোঙরে পণ্য খালাসের কাজে নতুন নতুন অপারেটরকে নিয়োজিত করায় বিশৃঙ্খলা তৈরি হলে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ৬ আগস্ট বন্দরে পাঁচ বছরের জন্য শিপ হ্যান্ডলিং অপারেটর তালিকাভুক্তির জন্য প্রাক-যোগ্যতার দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। আগামী ৬ সেপ্টেম্বর দরপত্র জমা নেওয়ার শেষ সময়। দরপত্রে পণ্য খালাসের কাজে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো দুই বছরে চার লাখ টন পণ্য ওঠানো-নামানোর অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে জেটিতে নিয়োজিত অপারেটররা এই প্রাক-যোগ্যতার দরপত্রে অংশ নিতে পারবে না বলেও শর্ত দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, শর্ত শিথিল করা হলে প্রতিযোগিতা বাড়ত। এ ক্ষেত্রে আমদানিকারকেরাও প্রতিযোগিতামূলকভাবে পণ্য খালাসের সুযোগ পেতেন। বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত অপারেটরদের সূত্রে জানা গেছে, বহির্নোঙরে বছরে এক থেকে সোয়া কোটি টন পণ্য খালাস হয়। দুই বছর ধরে পণ্য খালাসের হার বাড়ছে। সাধারণত সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার ও ভোগ্যপণ্য খালাস হয় বহির্নোঙরে। বেসরকারি অপারেটররা শ্রমিক নিয়োগ দিয়ে এসব পণ্য খালাসের ব্যবস্থা করে। আমদানিকারকেরা সরাসরি অপারেটরদের পণ্য খালাসের হার অনুযায়ী বিল পরিশোধ করেন। অর্থাৎ এ ক্ষেত্রে বন্দরের আয়-ব্যয়ের সংশ্লিষ্টতা নেই। কিন্তু প্রতিযোগিতা বাড়লে আমদানিকারকেরাও প্রতিযোগিতামূলকভাবে পণ্য খালাসের সুযোগ পাবেন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যেসব অপারেটরের অভিজ্ঞতা কম, সেসব অপারেটরকেও তালিকাভুক্তির জন্য বাছাই করা হলে প্রতিটি অপারেটরের ভাগে বেশি পণ্য খালাসের সুযোগ থাকবে না। এতে অপারেটরের অধীনে শ্রমিকদেরও বেশি কাজ থাকবে না। বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে এখন মোট ২১টি স্টিভিডোরস প্রতিষ্ঠান পণ্য খালাসের কাজ করছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব গ্রুপের পণ্য খালাস করছে। সর্বশেষ ২০০৬ সালের ২৮ ডিসেম্বর ৫৩টি প্রতিষ্ঠানের স্টিভিডোর কাম শোর হ্যান্ডলিং ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা হয়। একটি প্রতিষ্ঠানকে আদালতের আদেশ অনুযায়ী কাজ চালিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এই ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দরপত্রের মাধ্যমে জেটিতে ১২টি এবং বিনা দরপত্রে বহির্নোঙরে ২১টি প্রতিষ্ঠান কাজ করছে। বাকি ২১টি প্রতিষ্ঠানের অনেকে বহির্নোঙরে কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু পণ্য খালাসের কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।