তালিকায় ধনীদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহনির্মাণ সহায়তার তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাদ দিয়ে ধনাঢ্য ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, মহাসেনে উপজেলার ৭২০টি বসতঘরের আংশিক ক্ষতির তালিকা করে প্রশাসন। ৭২০টি পরিবারের জন্য গৃহনির্মাণ সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৯৮ লাখ টাকা বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। পরে স্থানীয় প্রশাসন তালিকা দীর্ঘ করে ৯৮০টি পরিবারের জন্য পরিবারপ্রতি দুই বান্ডেল ঢেউটিন ও নগদ দুই হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের ষাটোর্ধ্ব কমলা সুন্দরীর পুরোনো টিনের ঘরটির চাল উড়িয়ে নেয় ঘূর্ণিঝড়। প্রথম দফায় সরকার নগদ কিছু টাকা ও পাঁচ কেজি করে চাল দিলেও সেই সহায়তা তাঁর জোটেনি। এখন দুই বান্ডেল টিন ও দুই হাজার টাকা দেওয়ার জন্য যে তালিকা করা হয়েছে, তাতেও তাঁর নাম ওঠেনি। কমলা সুন্দরীর নাম তালিকায় না থাকার বিষয়ে জানতে চাইলে রামনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক জানান, কমলা সুন্দরীর ছেলের নাম তালিকায় রাখা হয়েছিল। কিন্তু চেয়ারম্যানের নির্দেশে ওই নাম কেটে একই গ্রামের আবদুর রশিদের নাম তালিকাভুক্ত করা হয়। ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘আমি কারও নাম বাদ দিতে বলিনি।’
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপির সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা উপজেলা প্রশাসনে জমা দিয়েছেন, তাতে বেশির ভাগই তাঁদের সমর্থকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকে বঞ্চিত হয়েছেন। বামনা সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের দরিদ্র আবদুল মালেক, মো. শিপন, আনোয়ারা বেগম, মো. নিজাম, মজিবর, খলিল, কামাল ও সুমনসহ অন্তত ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম ওই তালিকায় নেই।
কলাগাছিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মীর আজগর হায়াতের বসতঘরের কোনো ক্ষতি না হলেও সহায়তার তালিকায় ঠাঁই পেয়েছে তাঁর নাম। জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যায় আমার মাছের ঘের, ঘরের বারান্দার ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ করি বলে সাহায্য পাব না, এটা কেমন নিয়ম!’
তদারক কর্মকর্তা (ট্যাগ অফিসার) গৌতম চন্দ্র বসু বলেন, ‘৯৮০টি পরিবারের প্রথম তালিকা তদন্ত করে তেমন অসংগতি পাওয়া যায়নি। পরে ওই তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শুনেছি।’
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায় অসংগতি থাকার সত্যতা নিশ্চিত করে বামনার ইউএনও মো. আলমগীর হোসেন জানান, এ বিষয়ে অনেকেই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সুষ্ঠু বণ্টনের উদ্যোগ নেওয়া হবে।