তালিকায় নাম নেই, ভোট দিতে পারেননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট দিতে এসে ভোটার তালিকায় নাম খুঁজে না পেয়ে চট্টগ্রামে অনেকে ভোট দিতে পারেননি। বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।
নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন অঙ্কিতা বড়ুয়া। তিনি প্রথমবার ভোটার হয়েছেন। ভোটার তালিকায় নাম খুঁজে না পেয়ে ভোট দিতে পারেননি।
অঙ্কিতা বড়ুয়া বলেন, ‘অনেক আগ্রহ নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে এসেছিলাম। কিন্তু আমার নাম ভোটার তালিকায় নেই। ফলে ভোট দিতে পারিনি। প্রিসাইডিং কর্মকর্তাকে অভিযোগ করেও কোনো সদুত্তর পাইনি।’
একই কেন্দ্রে ভোট দিতে এসে তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি শাহীন আকতার ও সখিনা খাতুন। তাঁরা জানান, আগেও তাঁরা এই কেন্দ্রে ভোট দিয়েছেন। কিন্তু এখন ভোট দিতে এসে দেখছেন ভোটার তালিকায় নাম নেই।
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘আমাদের তালিকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’
শুধু ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র নয়, মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরেও একই চিত্র দেখা গেছে।
মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন মিঠু দে। তিনিও তালিকায় নাম খুঁজে না পেয়ে ভোট দিতে পারেননি।
মিঠু দে বলেন, ‘আগে আমি এই কেন্দ্রে ভোট দিয়েছি। কিন্তু এবার এসে ভোটার তালিকায় আমার নাম খুঁজে পাচ্ছি না।’
জানতে চাইলে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব গাঙ্গুলি বলেন, ‘আমাদের কাছে প্রতিটি কেন্দ্রের জন্য একটি করে ভোটার তালিকা এসেছে। তালিকাগুলো আমরা প্রতিটি বুথে নম্বর অনুযায়ী ভাগ করে দিয়েছি। দুটি করে তালিকা পাঠালে আমাদের জন্য সুবিধা হতো। যাঁরা ভোট দিতে পারছেন না, তাঁদের কেন্দ্র আসলে কোথায় পড়েছে সেটা চিহ্নিত করতে পারতাম।’