তালিকায় নেই, তবুও ব্যবহার অনুপযোগী
সিটি করপোরেশনের ১২টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকায় নাম নেই, অথচ বিদ্যালয়টির একটি অংশ দীর্ঘদিন ধরেই ব্যবহারের অনুপযোগী। এ বিষয়ে করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তবুও এর কোনো প্রতিকার নেই।
চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ের একতলা ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে ষষ্ঠ শ্রেণীসহ বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিষয়ের দলগত পাঠদান এবং ব্যবহারিক ক্লাস নেওয়া হতো।
রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যালয়ের ব্যবহার অনুপযোগী ভবন সম্পর্কে অনেক আগেই সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে জানিয়েছি। এর পরও এটি কেন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা থেকে বাদ রাখা হলো জানি না।’
দোতলা মূল ভবনের কাছেই একতলাবিশিষ্ট পরিত্যক্ত ভবন রয়েছে। এর বিভিন্ন কক্ষে এখন পুরোনো ভাঙা টেবিল-চেয়ার ও বেঞ্চ রাখা হয়েছে। এটি রেলওয়ে কর্তৃপক্ষ তৈরি করেছে। এখানে আটটি কক্ষ রয়েছে। এগুলোতে দলগত ও ব্যবহারিক ক্লাসসহ ষষ্ঠ শ্রেণীর পাঠদান চলত। কয়েক বছর আগে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের কম্পিউটার ও শিক্ষকদের কক্ষেই এসব কাজ চালাতে হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। আশা করছি, প্রকৌশল বিভাগ সরেজমিনে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’