তালিকার অভাবে আওতা সীমিত

মুঠোফোন নম্বর সংবলিত হালনাগাদ করা কোনো তথ্যভান্ডার নেই সরকারের কাছে। তাই বেশির ভাগ সহায়তা পাননি।

কাজের অপেক্ষায় দিনমজুরেরা। কুমিল্লার কান্দিরপাড় টাউন হলের সামনে।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার যেসব বিধিনিষেধ আরোপ করেছে, তাতে নিম্ন আয়ের মানুষেরা ক্ষতির শিকার হয়েছেন, জীবিকার কষ্টে পড়েছেন। তবে দেশে যত অভাবী দিনমজুর ও ছোট মুদিদোকানি রয়েছেন, তাঁদের খুব কম জনের কাছেই সরকারের সাহায্য পৌঁছেছে।

পবিত্র ঈদুল আজহার আগে ১৮ ও ১৯ জুলাই ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর ও ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এককালীন আড়াই হাজার টাকা করে দিয়েছে সরকার।

অর্থ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলে জানা গেছে, যথাযথ তথ্যভান্ডারের অভাবে সরকার বেশি মানুষকে সহায়তা দিতে পারছে না। আবার মুঠোফোন নম্বর সংবলিত দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হালনাগাদ করা কোনো তথ্যভান্ডার নেই সরকারের কাছে।

তাহলে কারা পেলেন এই সহায়তা? যাঁরা পেলেন তাঁদের বাছাই করা হলো কীভাবে? সূত্রগুলো জানায়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার দুই মাস পর গত বছরের মে মাসে ৫০ লাখ দরিদ্রকে এককালীন আড়াই হাজার টাকা করে দিতে ১ হাজার ২৫৮ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। তবে তালিকা জটিলতায় ১৫ লাখ দরিদ্র মানুষ টাকা পাননি।

পরে গত ঈদুল ফিতরের আগে ৩৫ লাখ দরিদ্র মানুষকে আড়াই হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত দেওয়া হয় ২৯ লাখ জনকে। এ দফায় আবার তাঁদের মধ্য থেকেই বাছাই করে সহায়তা দেওয়া হয় ১৭ লাখ ৩৬ হাজার জনকে। এর মধ্যেই রয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর ও ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী।

সরকারি বিধিনিষেধের কারণে জীবিকার কষ্টে থাকা মানুষের বেশির ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরতরা দৈনিক মজুরিভিত্তিক কাজ করেন কোনো নিয়োগপত্র ছাড়া।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল স্ট্যাটিসটিকস ২০১৮’–এর তথ্য অনুযায়ী, দেশের ২ কোটি ৪৪ লাখ মানুষ কৃষিকাজে জড়িত। এর মধ্যে দৈনিক ভিত্তিতে মজুরি পাওয়া কৃষিশ্রমিক ৭৩ লাখ। এ ছাড়া রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রডমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর, হেলপার, শাটার মিস্ত্রি রয়েছেন আরও ৩৬ লাখ।

ঈদের আগে আড়াই হাজার করে টাকা পাওয়া ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী বলতে কাদের বোঝানো হয়েছে—এ বিষয়ে অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, তাঁরা মূলত মুদি ও চায়ের দোকানদার। বিবিএসের ২০১৮ সালের তথ্য অনুযায়ী, দেশে মুদিদোকান ১২ লাখ ৫৮ হাজারটি। আর এসব দোকানে কাজ করেন প্রায় ২৮ লাখ মানুষ। এ ছাড়া চায়ের দোকান আছে পাঁচ লাখের মতো।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম অলোকে বলেন, ‘সারা দেশে যে ৩৬ লাখ নির্মাণশ্রমিক রয়েছেন, তাঁদের সবার অবস্থা সহায়তা নেওয়ার মতো নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৯ হাজারের জন্য আবেদন করেছিলাম। যাচাই-বাছাইয়ের পর আড়াই হাজার করে টাকা পেয়েছেন ২ হাজার ৬০০ জন। বাকিদের বাদ দেওয়া হয়েছে। নির্মাণশ্রমিক তথা দিনমজুরদের সহায়তার জন্য ভালো একটি তালিকা দরকার।’