কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদের সময় অনেক ‘মৃত’ ব্যক্তির নাম বাদ দেওয়া হয়নি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। এই সাত উপজেলায় ভোটারের ছবি তোলার কাজও শেষ। এখন পেকুয়া উপজেলায় ছবি তোলার কাজ চলছে। হালনাগাদের সময় অনেক তথ্য সংগ্রহকারী ঘরে ঘরে না যাওয়ায় তালিকা থেকে অনেক মৃত ভোটারের নাম বাদ পড়েনি।
হালনাগাদের আগে জেলায় ভোটারের সংখ্যা ছিল ১২ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। এবার নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ৮৬ হাজার ৪৬৪ জন।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, হালনাগাদ তালিকায় অনেক মৃত ব্যক্তির নাম রয়ে গেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ঢাকা থেকে ৪০ হাজার ফরম পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে।
গত রোববার কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ না পড়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এ সময় কক্সবাজারে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র ১২ হাজার ৭৮৬ জন মৃত ভোটারের নাম। কিন্তু মৃত ভোটারের সংখ্যা আরও বেশি হওয়ার কথা। তিনি ভোটার তালিকা থেকে দ্রুত মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কতিপয় তথ্য সংগ্রহকারী ঘরে ঘরে না গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছেন। এ কারণে ৩০ হাজারের বেশি মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে। টেকনাফসহ কয়েকটি অঞ্চলে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে হালনাগাদ ভোটার তালিকা থেকে কয়েক হাজার রোহিঙ্গার নাম বাদ দেওয়া হয়েছে। এরপরও কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।