তালিকায় ইউপি সদস্যের স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগীর তালিকায় তাঁর স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
কয়েকজন এলাকাবাসী জানান, অসচ্ছল ও দুস্থ নারীদের সহায়তার জন্য মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা। জনপ্রতিনিধির স্ত্রীর নাম এ তালিকায় থাকার কথা নয়। অথচ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান তাঁর স্ত্রীর ভুয়া নাম ব্যবহার করে সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একজন দুস্থ অন্তঃসত্ত্বা নারী প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পান। সন্তান প্রসবের পরও তিনি এ ভাতা পান। এভাবে একজন সুবিধাভোগী দুই বছরে মোট ১২ হাজার টাকা আর্থিক সুবিধা পাবেন। ২০১৬ ও ২০১৭ অর্থবছরে উপজেলার আটটি ইউনিয়নে ৬৪০ জন নারীকে এ সুবিধা দেওয়ার কথা।
কলিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এ অর্থবছরে ইউনিয়নে সুবিধাভোগীর তালিকায় ৮০ জন নারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ২২ নম্বর ক্রমিকে ইউপি সদস্য সিদ্দিকুরের স্ত্রীর নাম রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুবিধাভোগীর তালিকায় ঠিকানা ঠিক থাকলেও সিদ্দিকুর তাঁর স্ত্রীর ভুয়া নাম ব্যবহার করেছেন। তাঁর স্ত্রীর নাম সাধনা জেসমিন। কিন্তু তালিকায় লেখা হয়েছে শাম্মী আক্তার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টুটিয়াম গ্রামে সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল দুটি টিনের ঘর। এ সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। কথা হলে তাঁর স্ত্রী সাধনা জেসমিন জানান, তিনি অন্তঃসত্ত্বা নন। সোহাগ (১১), শিহাব (৬) ও তামিম (৪) নামে তাঁর তিন ছেলে আছে।
কথা বলার জন্য ইউনিয়ন পরিষদে (ইউপি) গিয়েও সিদ্দিকুরকে পাওয়া যায়নি। কয়েক দফা তাঁর মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
সুবিধাভোগীর তালিকা প্রস্তুতকরণ কমিটির সদস্যসচিব ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হামিদ বলেন, ইউনিয়নে সুবিধাভোগী ৮০ জন নারীর নামের তালিকা করা হয়েছে। এতে ওই ইউপি সদস্যের স্ত্রীর নামও রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ২৬ ডিসেম্বর স্থানীয় খোরশেদ আলম ও আলমগীর হোসেনসহ পাঁচজন গ্রামবাসী ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। কথা হলে তাঁরা বলেন, ওই ইউপি সদস্য নিজের স্ত্রীর নাম সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। অথচ তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা নন। গ্রামের অসহায় ও দরিদ্র নারী আছেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত সুবিধাভোগী মায়েরা সুবিধাবঞ্চিত হচ্ছেন।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সিদ্দিকুরই তাঁর ওয়ার্ডে সুবিধাভোগী নারীদের তালিকা করেছেন। এতে তাঁর স্ত্রীর নাম রয়েছে তা তাঁর জানা ছিল না। এ জন্য তাঁকে জবাবদিহি করতে হবে।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জামিলা খাতুন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। এ ছাড়া সঠিক নিয়মেই মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হবে।
কথা বলার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কমিটির সভাপতি ইউএনও মো. শফিউর রহমানের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।