তালিকায় থাকা ৫৫ হাজার ভোটারের ছবি নেই: সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যে ভোটার তালিকা করা হয়েছে, তাতে অন্তত ৫৫ হাজার ভোটারের ছবি নেই। এই ভোটাররা যদি জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে যান, তবে তাঁদের প্রতিহত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) গতকাল বুধবার চট্টগ্রাম নগরের গুডস হিলে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।ডবলমুরিং থানার পুলিশের সহকারী কমিশনার (এসি) তানভীরকে বদলি করার পরও নির্বাচনের সময় পর্যন্ত চট্টগ্রামে তাঁর দায়িত্ব পালন প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, তিনি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা না বলে কোনো কাজ করেন না। তাই বদলি করা হলেও ১৭ জুন পর্যন্ত এখানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এমন বদলির কী প্রয়োজন ছিল?নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৪ জুনের মধ্যে বহিরাগত ব্যক্তিদের চট্টগ্রাম ছাড়তে হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এর ফলে চট্টগ্রামে সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট হবে। তিনি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে উদ্দেশ্যমূলক ও দূরভিসন্ধিমূলক বলে অভিহিত করেন।জাতীয় সংসদের বাইরে দেওয়া বিএনপির বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী বলে আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে সালাউদ্দিন কাদের বলেন, ‘আমিও সংবিধান পড়েছি। কিন্তু সংবিধানের কোন ধারায় সংসদের বাইরে দেওয়া বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী বলা যায় তা বলতে হবে। নইলে নতুন করে আবার সংবিধান পড়তে হবে।’অভিযোগ ভিত্তিহীন: ভোটার তালিকায় ৫৫ হাজার ভোটারের ছবি না থাকা নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যে অভিযোগ করেছেন, সে সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কাছে সব ভোটারের ছবিসহ তালিকা আছে।পথসভা: নগরের হামজারবাগ এলাকায় সড়কের একাংশ বন্ধ করে গতকাল বুধবার বিকেলে মন্জুরের সমর্থনে পথসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী। ফলে ওই সড়কে ২৫ মিনিট স্থায়ী যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ ও নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল পথসভায় উপস্থিত ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী স্থানীয় ভোটারদের আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।