তালিকায় নাম থাকলেও অনুদান পাননি অনেকে
তালিকায় নাম থাকলেও জেলা প্রশাসনের সহায়তা ছাড়া আর কোনো টাকা পায়নি আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিক নাসরিন বেওয়ার পরিবার। টাকা না পাওয়ায় নাসরিনের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসীর লেখাপড়া বন্ধ হওয়ার পথে।গতকাল সোমবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জেলা প্রশাসনের দেওয়া আর্থিক সহায়তার ১৫ হাজার টাকা গ্রহণ করতে এসে জান্নাতুল এসব কথা জানান।জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মা পোশাক কারখানায় চাকরি করলেও আমাকে পড়ালেখা শিখিয়ে অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই আশা নিয়েই তিনি আমাকে ভর্তি করে দিয়েছিলেন টাঙ্গাইলের প্রফেসর সোহরাব উদ্দিন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি কলেজে। মায়ের সেই ইচ্ছা আমি পূরণ করতে পারব কি না, জানি না।’জান্নাতুল ফেরদৌসী আরও জানান, জন্মের পরপরই তাঁর বাবা হারুন-অর-রশীদ মারা যান। তাঁকে মানুষ করতে মা আশুলিয়ায় এসে পোশাক কারখানায় চাকরি নেন। নিজে কষ্ট করলেও বেতনের সিংহভাগই খরচ করতেন তাঁর পড়ালেখার পেছনে। কিন্তু তাজরীনের আগুনে পুড়ে তাঁর মা মারা যাওয়ায় তিনি ভবিষ্যৎ জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁর সর্বশেষ ভরসা ছিল সরকারি অনুদান। কিন্তু সেই সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রশাসনের তৈরি করা নিহতের তালিকায় তাঁর মায়ের নাম থাকলেও জেলা প্রশাসনের দেওয়া সহায়তা ছাড়া আর কোনো সুবিধা পাননি তিনি। সহায়তা না পাওয়ায় অর্থের অভাবে তাঁর পড়ালেখাই বন্ধ হওয়ার উপক্রম।গতকাল সাভার উপজেলা প্রশাসন থেকে হতাহত ১০৭ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসন থেকে দেওয়া এই সহায়তার মধ্যে নিহত ৪৯ জনের পরিবারকে দেওয়া হয় ১৫ হাজার টাকা করে। আর আহত ৫৮ জনের প্রত্যেককে দেওয়া হয় পাঁচ হাজার টাকা।সহায়তা পাওয়ার খবর পেয়ে গতকাল অনেকেই উপস্থিত হয়েছিলেন সাভার ইউএনও কার্যালয়ে। কিন্তু তালিকায় নাম না থাকায় অনেককেই শূন্য হাতে বাড়ি ফিরতে হয়। আবার তালিকায় নাম থাকলেও অনুদান না পাওয়ার অভিযোগ করেন অনেকে। আগুনে পুড়ে মারা গেছেন জামলাপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মঞ্জুয়ারা বেগম। তালিকায় তাঁর নাম থাকলেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো সহায়তা পায়নি তাঁর পরিবার।তাজরীনের নিহত শ্রমিক সাতক্ষীরার মুন্নি আক্তারের বাবা শহিদুল ইসলাম জানান, গতকাল সাভার উপজেলা প্রশাসন থেকে তিনি ১৫ হাজার টাকা পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পেয়েছিলেন দুই লাখ টাকার চেক। কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি তাজরীনের নিহত শ্রমিক আয়নাল হকের পরিবার। তাঁর বাড়ি আশুলিয়ার নিশ্চিন্তপুরে।যোগাযোগ করা হলে সাভারের ইউএনও কবীর হোসেন সরদার বলেন, তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল হতাহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তালিকায় নাম থাকার পরও যাঁরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুদানের টাকা পাননি, তাঁরা যাতে টাকা পান, সে বিষয়ে চেষ্টা অব্যাহত আছে।