তালিকায় নেই কমান্ডার, কালিয়াকৈরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হোসেনের নাম বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
গতকাল বুধবার দুপুরে ফুলবাড়িয়া বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধারা বলেন, ইউনিয়নের মৃত শুকুর মাহমুদ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে মিঠু খলিফা (৮৩)। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর হয়ে লড়াই করেন। তিনি ফুলবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বও পালন করেছেন। তিনি সরকারের মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেছেন। লাল মুক্তিবার্তা ও গেজেটে তাঁর নাম আছে। এলাকার মুক্তিযোদ্ধা ও বয়স্ক লোকজনও বলেছেন তিনি মুক্তিযোদ্ধা। কিন্তু উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে রাজাকার হিসেবে চিহ্নিত করে খসড়া প্রকাশ করেছে। এ খবরে এলাকাবাসী ক্ষুব্ধ। এর প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ফুলবাড়িয়া বাজার বটতলায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য দেন ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান আবদুল হাকিম, স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন, জুয়েল সরকার, জসিমউদ্দিন, রফিকুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা মোয়াজ্জেম হোসেনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি দেওয়ান ইব্রাহীম বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। তবে তাঁর (মোয়াজ্জেম হোসেন) আপিল করার সুযোগ আছে।’