জয়পুরহাটের আক্কেলপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শর্ত উপেক্ষা করে এই তালিকায় বিত্তশালী, চাকরিজীবী ও আওয়ামী লীগ নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই তালিকা করার জন্য ইউনিয়ন কমিটির পরামর্শ নেওয়ার কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মাঠ সংগঠকেরা এসব তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিআরডিবির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপপ্রধান হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক (স্মারক পউসবি/পরিঃ উন্নয়ন-৪/খামার-৫২০০৯ (অংশ-৩)/৭০ (৯৬৪) পত্রে উল্লেখ করা হয়েছে, (১) দরিদ্র মহিলা/যিনি খানা পরিবারপ্রধান, (২) শুধু বসতভিটা রয়েছে, এমন খানা পরিবারপ্রধান, (৩) ভূমিহীন দরিদ্র, যাঁর ভিটেবাড়িসহ মাত্র শূন্য দশমিক ৫ একর জমি রয়েছে; যাঁর আয়ের কোনো নিয়মিত উৎস নেই এবং যিনি কায়িক শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এবং (৪) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাঁদের ভিটেবাড়িসহ আড়াই একর জমি রয়েছে, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন। ওই চিঠিটি ২৪ মার্চ পাঠানো হয়। এই প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক অভিযোগ করেছেন, তিনি এই প্রকল্পের সভাপতি হলেও তালিকা তৈরি ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার চারটি ইউনিয়নকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা হয়। ইউনিয়নগুলো হলো—গোপীনাথপুর, সোনামুখী, তিলকপুর ও রুকিন্দীপুর। প্রতিটি ইউনিয়নের পাঁচটি করে গ্রাম তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গ্রাম থেকে ১২০ জন সুবিধাভোগীর তালিকা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রতিটি গ্রাম থেকে ৬০ জন সুবিধাভোগীর নাম এর আওতায় আসবে। জানা গেছে, সুবিধাভোগীদের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের পরামর্শ নেওয়ার কথা ছিল। কিন্তু মাঠপর্যায়ে জরিপকারীরা এ ব্যাপারে তাঁদের পরামর্শ নেননি। রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘শুনেছি আমার ইউনিয়নের পাঁচটি গ্রাম একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হয়েছে। সুবিধাভোগীদের তালিকা কে করল তা আমি জানি না।’খোঁজ নিয়ে জানা গেছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকায় চাকরিজীবী, আওয়ামী লীগ নেতা ও বিত্তশালীদের নাম রয়েছে। গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের রণেন্দ্র কৃষ্ণ প্রিয়া ও সুভেন্দ্র কৃষ্ণ প্রিয়ার ৫০ থেকে ৬০ বিঘা জমি আছে। তাঁদের নাম প্রকল্পের তালিকায় রয়েছে। অথচ ভূমিহীন শিবেন মোহন্ত ও দরিদ্র কৃষক মশিউর রহমানসহ অনেক লোকের নাম ওই তালিকায় নেই। পূর্ব গোপীনাথপুর গ্রামের টিপু সুলতান আক্কেলপুর পল্লী উন্নয়নের গ্রাম সংগঠক। তিনি নিজেই গোপীনাথপুর ইউনিয়নের তালিকা করেছেন। ওই তালিকায় তাঁর ও তাঁর পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে। রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামের হাসনাতুজ্জামান ঠিকাদার ও আতিকুজ্জামানের আতিকুজ্জামান চাকরিজীবী হলেও তাঁদের নাম প্রকল্পের তালিকায় রয়েছে। গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজের আল-ইসরাইলের নামও প্রকল্পের তালিকায় রয়েছে। আল-ইসরাইল জানান, চার নম্বর ক্যাটাগরির শর্ত অনুযায়ী তাঁর নাম তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজেন্দ্র হালদার জানান, ১২০ জনের তালিকা করা হয়েছে। সুবিধা পাবেন মাত্র ৬০ জন। চূড়ান্ত অনুমোদনের সময় তাঁদের বাদ দেওয়া হবে।