বরগুনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পে অসহায় দরিদ্র পরিবার অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও নাম উঠেছে পাকা বাড়ি, বিত্তশালী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং একই পরিবারের একাধিক সদস্যের। তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ২১ অক্টোবর বরগুনার এক নম্বর বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের তৈয়ব আলী নামের এক বাসিন্দা।খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্পের আওতায় বরগুনা জেলার পাঁচটি উপজেলার মোট ২০টি ইউনিয়নে প্রাথমিকভাবে কাজ শুরু হয় গত জুন মাসে। জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জেলার ১২০টি গ্রামের ছয় হাজার উপকারভোগী বাছাই করা হয়। প্রকল্পের বিধিমালায় আছে, যাঁরা বিধবা, দুঃস্থ পুরুষ-মহিলা, যাঁরা কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এবং প্রান্তিক চাষি—এই চার শ্রেণীর মানুষ এ প্রকল্পের সুবিধা পাবেন।বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোর গ্রামের দরিদ্র কৃষক সিদ্দিক মোল্লা জানান, তাঁর নাম জরিপ তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় নেই। একই ইউনিয়নের ভোড়া গ্রামের লাল মিয়া ঢাকায় বসবাস করলেও তাঁর নাম তালিকায় রাখা হয়েছে। ভোড়া গ্রামের মাসুদ মৃধা, আলমগীর, জহির হাওলাদার, আমিন উদ্দিন, জাহাঙ্গীর অভিযোগ করেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকার জন্য বাছাই করা হলেও তালিকা প্রকাশের পর দেখেন, তাতে নাম নেই।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাদিরা বেগম অভিযোগ করেন, ‘সরিষামুড়ি ইউনিয়নের আলীয়াবাদ ও দক্ষিণ কালিকাবাড়ি—এ গ্রাম দুটির কারও নাম তালিকায় নেই।পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ‘স্বচ্ছ তালিকা করার চেষ্টা করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার কিছুই করার নেই।’অনুরূপভাবে বরগুনা সদর উপজলার বদরখালী, কেওড়াবুনিয়া, বুড়িরচর ও বরগুনা সদর—এই চারটি ইউনিয়নে চূড়ান্ত যে তালিকা প্রণয়ন করা হয়েছে, তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। বদরখালী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাজী জালাল উদ্দীনের স্ত্রী আমেনা বেগমের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘প্রকল্পভুক্ত গ্রাম ও সুবিধাভোগী নির্বাচন করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের। আমরা কিছুই জানিনা।’ তবে তাঁর কাছে সদর উপজেলার সব ইউনিয়নের তালিকা চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।চূড়ান্ত তালিকায় নাম আছে, বামনা বন্দরের পাইকারি মুদি ও মনোহরি দোকানের মালিক সঞ্জীব বেপারি, বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর ইউনিয়নের বর্তমান সদস্য নূরুল ইসলামের। ইউসুফ আলী বলেন, ‘আমিসহ আওয়ামী লীগের সব নেতা-কর্মীই তালিকায় আছেন। ঋণ নিয়ে যাঁরা পরিশোধ করতে পারবেন, তাঁরাই এ প্রকল্পে থাকতে পারেন।’ সদস্য নূরুল ইসলাম বলেন, ‘আমি নিয়মের মধ্যে পড়ি বলে তালিকায় আছি।’চূড়ান্ত তালিকায় আরও আছেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আকতারুজ্জামান ও সহসভাপতি মো. মজিবর, সফিপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবুল শীল, উত্তর কাকচিঁড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম, ইউপির সদস্য নূরুল ইসলাম খান, ওয়ার্ড আ.লীগের সভাপতি জসিম উদ্দীন ও তাঁর ভাই উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান। মনিরুজ্জামান বলেন, ‘আগে থেকেই আমার ডেইরি ফার্ম আছে। এখন সেটা আরও বড় করব বলে তালিকাভুক্ত হয়েছি।’ সরকারি কর্মচারী ও বিরোধী দল বিএনপির নেতা, ব্যবসায়ীরাও বাদ পড়েননি তালিকা থেকে। আছেন বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা টিঅ্যান্ডটি কর্মচারী আবুল কালাম, তাঁর দুই ভাই যথাক্রমে কবির হোসেন ও জাকির হোসেন; বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আকন্দ, সহসভাপতি নাসির মাতুব্বর, তাঁর ভাই জালাল মাতুব্বর, ফেরদৌস ও তাঁর পিতা জয়নাল মিয়া, প্রসাধন ব্যবসায়ী ফোরকান ও তাঁর ভাই বিএনপির নেতা সেন্টু মিয়া, আমুয়া বাজারের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের দোকানমালিক বাশার খলিফা ও তাঁর ছেলে রিপনের নাম।যোগাযোগ করা হলে উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিছু ভুলত্রুটি থাকতে পারে, শতভাগ স্বচ্ছ করা সম্ভব নয়। এটা বাস্তবতা। তার পরও আমরা চেষ্টা করেছি যথাযথভাবে তালিকা করতে।’