মুক্তিযোদ্ধার তালিকায় নিজের বাবার নাম না ওঠায় পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম আদম ওরফে লিটন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে শামিমকে দল থেকে বহিষ্কার করেছে।
পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি জানার পরই জরুরি সিদ্ধান্তে অভিযুক্ত ওই সভাপতিকে দল থেকে বহিষ্কার করেছেন। বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সই রয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। তালিকায় নিজের বাবার নাম তোলার জন্য মরিয়া হন শামিম। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তাঁর বাবার নামটি তালিকাভুক্ত করেনি। এতে শামিম স্থানীয় মুক্তিযোদ্ধাদের ওপর ক্ষিপ্ত হন। তিনি কয়েক দিন ধরেই মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হাই কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে কার্যালয়ে বসে ছিলেন। এ সময় আট থেকে দশজনের একদল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে শামিম সেখানে উপস্থিত হন। ভেতরে ঢুকেই তিনি তাঁর বাবার নাম কেন তালিকাভুক্ত করা হয়নি, সে বিষয়ে জানতে চান। তিনি বাবার নাম তালিকাভুক্ত করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। ডেপুটি কমান্ডার কিছু বলে ওঠার আগেই তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কমান্ডার ও ডেপুটি কমান্ডারের চোখ তুলে নিয়ে হাত-পা ভেঙে হুইলচেয়ারে বসিয়ে রাখার হুমকি দেন। তিনি বারবার ডেপুটি কমান্ডারকে পেটানোর জন্য তাঁর দিকে যান। একই সঙ্গে মুঠোফোনে কমান্ডার সরদার আবদুল মজিদকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাইকে কার্যালয়ে লাঞ্ছিত করা হচ্ছে, এমন খবরে আমি দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করি।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। তবে তাঁর ভাই আবদুল আলিম বলেন, ‘ঘটনার পর থেকে ভাই মর্মাহত। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষ আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।’
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল ওহাব বলেন, ‘এখানে চাপের কিছু নেই। কেউ অন্যায় করলে শাস্তি পাবে।’
শামিম বলেন, ‘আমি বাবার নাম তালিকাভুক্ত না হওয়ার কারণ জানতে গিয়েছিলাম। কাউকে লাঞ্ছিত করিনি।’