চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির আসন্ন নির্বাচন
তালিকায় ভুয়া ভোটার, আপিল বোর্ডের সদস্যদের পদত্যাগ
আগামী ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে ভুয়া ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। এ অবস্থায় গতকাল বুধবার নির্বাচনী আপিল বোর্ডের সদস্যরা পদত্যাগ করেছেন।
সমিতির ১৬ জন সদস্য গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে ভুয়া ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, নির্বাচন আপিল বোর্ড গত ২৫ অক্টোবর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে শতাধিক ভুয়া ভোটারের নাম রয়েছে।
কিন্তু তালিকায় থাকা এসব ভোটারদের অধিকাংশই দীর্ঘদিন কর দেন না। তাঁদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) হালনাগাদ নেই। তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানেরও অস্তিত্ব নেই। তফসিল অনুযায়ী আপত্তি দাখিলের শেষ দিনে আপিল বোর্ডের কাছে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু তাঁদের মধ্যে মাত্র দুজনকে আপিল বোর্ড তলব করে। নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
আপিল বোর্ডের সভাপতি গোলাম মোস্তফা গতকাল সন্ধ্যায় বলেন, ‘গতকাল ছিল আপত্তির ব্যাপারে শুনানি ও সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন। আমরা ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাঁদের মধ্যে ১০ জনের কাগজপত্র ঠিক ছিল না। কেবল তাঁদের ব্যাপারেই আমরা সিদ্ধান্ত দিতে পারতাম। কিন্তু অভিযোগকারী ব্যবসায়ীরা গতকাল পুরো তালিকা যাচাই-বাছাইয়ের দাবি জানান। কিন্তু শেষ দিনে এসে তা সম্ভব নয় বলে জানাই। এতে অভিযোগকারী ব্যবসায়ীরা আমাদের ওপর অনাস্থা জ্ঞাপন করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বোর্ডের তিনজন সদস্যই সমিতির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, আপিল বোর্ডের সদস্যদের পদত্যাগপত্র পেয়েছি। সমিতির নির্বাহী কমিটি নতুন অপিল বোর্ড নিয়োগ দেবে। নির্বাচনী প্রক্রিয়া চলবে।