পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে প্রশাসন। কলাপাড়া উপজেলা প্রশাসন ইতিমধ্যে ৬৫ দখলদারের তালিকা করেছে। জেলা প্রশাসন এই তালিকা থেকে গত ২৫ জুন ২০ জনকে উচ্ছেদেরও নোটিশ দিয়েছে। নিয়োগ দিয়েছে একজন ম্যাজিস্ট্রেট। নোটিশ পাওয়া দখলদারেরা বড় বড় দখলদারদের নাম প্রশাসনের তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর এখানকার জমির দাম বাড়তে শুরু করে। তখন থেকেই দখলবাজেরা ভূমি দখলের পাঁয়তারা শুরু করে। ইতিমধ্যে কুয়াকাটার সমুদ্রসৈকতসংলগ্ন স্থানগুলোয় হোটেল-মোটেল, ইকোপার্ক, নারিকেল বাগানসহ বিনোদনের জন্য বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। সিডরের সময় এসব স্থাপনার অধিকাংশ ধ্বংস হয়ে যায়। তারপর সরকারিভাবে পর্যটন বিকাশে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় ভূমি দালাল চক্র দখল প্রক্রিয়ায় মেতে ওঠে। ইতিমধ্যে সৈকতে যাওয়ার মূল সড়কের দুই দিকে এবং জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর। এতে একদিকে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, অপরদিকে সৌন্দর্যও হারাচ্ছে কুয়াকাটা।কুয়াকাটা উন্নয়ন ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, এত সুন্দর একটা জায়গা সৌন্দর্য হারাচ্ছে শুধু অপব্যবহারের কারণে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় যে যেভাবে পারছে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। দিনের পর দিন ধরে চলছে ভূমিদখল। ‘জোর যার মুল্লুক তার’—এরকম অবস্থা। সরকারি জমি দখলমুক্ত করে কুয়াকাটা পর্যটন শিল্পকে রক্ষা, দেশি-বিদেশি পর্যটকদের কাছে কুয়াকাটাকে আকর্ষণীয় করে তোলার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।জেলা ও উপজেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ হিসেবে ৬৫ জন দখলদারদের তালিকা করেছে। গত ২৫ জুন ২০ জনকে সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ৫ জুলাই একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। উচ্ছেদের নোটিশ পাওয়া মুদির দোকানি আ. ছালাম বলেন, ‘এই ব্যবসা কইরা সংসার চালাইতে কষ্ট হয়। হের পরও নজর পড়ছে মোগো দিকে। বড় বড় হাউজিং কোম্পানি সরকারি জমি দহল কইরা সাইনবোর্ড লাগাইয়া হেই জমি বেইচ্যা কোটি কোটি টাহা কামাইতেছে, হেগো চোহে পড়ে না।’ আলী ঘরামী বলেন, ‘হাউজিং কোম্পানি দহল করলে কোনো অসুবিধা হয় না। হেগো বিরুদ্ধে কোনো নোটিশও দেয় না সরকার। মোরা একটু ঘর তুইলা ব্যবসা কইরা খাই, এহন মোগো এইহান হেইক্যা উচ্ছেদ করবে। আগে বড় বড় দখলদারদের উচ্ছেদ করেন। পরে মোগো উচ্ছেদ করেন।’কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ‘নোটিশ দেওয়ার পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান যেকোনো সময় শুরু করা হবে। তা ছাড়া পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারের হাত থেকেই কুয়াকাটাকে রক্ষা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’তালিকায় বড় বড় দখলদারের নাম না থাকা প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুব আলী মোল্লা বলেন, পর্যায়ক্রমে তালিকা হচ্ছে ও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে। যেকোনোভাবেই হোক কুয়াকাটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।