নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির তালিকায় আওয়ামী লীগের নেতা, ব্যবসায়ী, কলেজছাত্র ও ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। অনুপস্থিত থেকেও অনেকে মজুরি তুলছেন। অতি দরিদ্র ও ভূমিহীনদের সহায়তায় এ কর্মসূচি চালু করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম ৭ মার্চ শুরু হয়। তালিকায় ৫৮০ জনকে শ্রমিক হিসেবে রাখা হয়েছে। তাঁরা নয়টি প্রকল্পের অধীনে কাজ করছেন। প্রত্যেক শ্রমিক শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন কাজ করবেন এবং প্রতিদিন ১৫০ টাকা করে মজুরি পাবেন। এ কাজে ৩৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।এলাকার কেউ কেউ অভিযোগ করেন, শ্রমিকের তালিকায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিনুর রহমান, কৃষক লীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আবু হাসান, ২ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আউয়ালের নাম রয়েছে। পাশাপাশি এ তালিকায় রাখা হয়েছে হামুরহাট এলাকার রেস্তোরাঁর মালিক অলক মহন্ত, চাল ব্যবসায়ী উদয় চন্দ্র ও তাঁর কলেজপড়ুয়া ছেলে উমেশ্বরসহ আরও অনেক ধনী ব্যক্তির নাম।ধনীদের নাম থাকলেও এ কর্মসূচির তালিকায় বৈরাগীপাড়ার ভূমিহীন দিনকাটু, জিতেন, শ্যামল, ধীরেন, পেন্দাই, কাইলঠা, বিনয় মহন্তসহ বিভিন্ন এলাকার আরও অনেকে স্থান পাননি। গিয়ে দেখা গেছে, দিনকাটু, শ্যামল, ধীরেনরা অন্যের জমিতে কুঁড়েঘর তুলে বসবাস করছেন। শ্যামল বলেন, ‘খালি কর্মসংস্থান ব্যাহে, হামরা ভিজিডি, ভিজিএফ কোনো কার্ড চউখে দ্যাখো নাই। পাইসা দিলে কার্ড পাওয়া যায়।’হামুরহাটে গিয়ে পল্লিচিকিৎসক জাহিনুর ইসলামের (৩০) সঙ্গে দেখা হয়। ওই হাটে তাঁর একটি ওষুধের দোকান ও বাড়িতে টিনের ঘর আছে। তিনি ১০-১২ বিঘা জমির মালিক। জাহিনুর ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ করি বলেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন খুশি হয়ে আমার নামটা কর্মসংস্থান কর্মসূচিতে দিয়েছেন। আমি কোনো দিনই মাটি কাটার কাজে অংশ নেইনি।’গত রোববার বেলা ১১টায় হাজারীহাট-হামুরহাট রাস্তায় মাটির কাজ চলার সময় মাত্র ১০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। অথচ ওই সময় সেখানে ২৫ জন শ্রমিকের উপস্থিত থাকার কথা ছিল।এ কর্মসূচির খাতামধুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক জানান, সুবিধাভোগী নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে নয় সদস্যের কমিটি আছে। ওই কমিটির প্রধান করা হয়েছে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডালিম চন্দ্র রায়কে। তাঁর দেওয়া নামগুলো থেকে লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। কমিটির প্রধান ডালিম চন্দ্র রায় ধনী ও দলীয় ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করার কথা স্বীকার করে বলেন, ‘দল চালাতে অনেক কিছুই করা লাগে। আমরাও করেছি। এসব বুঝবেন না।’খাতামধুপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আজমল হোসেন জানান, তিনি এ কর্মসূচির তালিকা তৈরি করেননি। তবে তালিকা তৈরি করতে কিছু অনিয়ম হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খাতামধুপুর ইউনিয়নের সুবিধাভোগীদের তালিকা তৈরি করতে অনিয়ম হয়েছে।