সাতক্ষীরার তালা উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের তালিকা তৈরিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রকল্পে যাদের সুবিধা পাওয়ার কথা, তাদের পরিবর্তে সচ্ছল ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি একই পরিবারের দুজনের নামও আছে তালিকায়।পল্লী উন্নয়ন বিভাগের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের একটি গ্রামে ৬০ জন করে চারটি গ্রামের মোট ২৪০ জন উপযুক্ত সুবিধাভোগীর নামের তালিকা তৈরি করার কথা। গ্রামগুলো হচ্ছে ১ নম্বর ওয়ার্ডের হাজরাকাঠি, ৬ নম্বর ওয়ার্ডের ঘোষনগর, ৭ নম্বর ওয়ার্ডের প্রসাদপুর ও ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর।প্রকল্পের নির্দেশিকায় বলা হয়েছে, তালিকায় প্রথম আগ্রাধিকার পাবে মহিলাপ্রধান পরিবার অথচ অতি দরিদ্র, দ্বিতীয় অগ্রাধিকার পাবে গরিব পরিবার অথচ ৩০ শতকের কম জমির মালিক, তৃতীয় অগ্রাধিকার পাবে গরিব পরিবার অথচ সর্বোচ্চ ৫০ শতক জমির মালিক, এরপর অগ্রাধিকার পাবে চরাঞ্চলের গরিব পরিবার অথচ সর্বোচ্চ এক একর জমির মালিক। কোনো অবস্থায় একই পরিবার থেকে দুজনের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও পল্লী উন্নয়ন বিভাগের মাঠকর্মী মিলে এই তালিকা তৈরির কথা।পল্লী উন্নয়ন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, প্রকল্পের নির্দেশিকা না মেনে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সচ্ছল পল্লি চিকিৎসক, ব্যবসায়ী, সারের ডিলার, দোতলা বাড়ির মালিক, ধনাঢ্য কৃষক ও বিত্তবানদের। এই তালিকা ইতিমধ্যে অনুমোদনের জন্য ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।হাজরাকাঠি গ্রামের হতদরিদ্র অসিত শীল ও নারায়ণ রায় জানান, তাঁদের বঞ্চিত করে তালিকায় ধনীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই গ্রামের আওয়ামী লীগের নেতা সচ্ছল পল্লি চিকিৎসক রিয়াজউদ্দিন ও তাঁর স্ত্রী ঝর্ণা বেগমের নাম তালিকায় আছে। ওই গ্রামের ধানাঢ্য কৃষক ও খলিলনগর ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছারউদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রবের স্ত্রী আছামা খাতুনের নামও আছে তালিকায়।হাজরাকাঠি বাজারে আবদুর রবের একটি বিপণিবিতান ও একটি একতলা বাড়ি আছে। তালিকায় আছে জাতীয় পার্টির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হালিমের নাম। তিনি বিসিআইসির সারের ডিলার।প্রসাদপুর গ্রামের বাসিন্দা ও খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল গাজী ১০-১২ বিঘা জমি, একই গ্রামের জিয়ারুল ফকিরের স্ত্রী লাইলী বেগম ৮-১০ বিঘা এবং রায়পুর গ্রামের নীলকমল গোলদার, দিপংকর গোলদার, সুকান্ত মনি ও প্রভাষ গোলদার ৫-১৫ বিঘা করে জমির মালিক। ঘোষনগর গ্রামের স্কুলশিক্ষক অশোক হোড়ের ১২-১৫ বিঘা জমি আছে। অথচ তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সরেজমিনে হাজরাকাঠি গ্রামের ইছারউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁদের বাড়ি দোতলা। তাঁর স্ত্রী জানাহারা বেগম জানান, তাঁদের ভাগে ১০-১২ বিঘা জমি আছে। প্রকল্পে তাঁর নাম কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, তা জানেন না।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব জানান, তাঁর স্ত্রী আছামা খাতুনের নাম তালিকায় থাকার খবর জেনে তিনি বিস্মিত। পল্লি চিকিৎসক রিয়াজউদ্দিন বলেন, সুনাম ক্ষুণ্ন করার জন্য প্রতিপক্ষ তালিকায় স্ত্রী ও তাঁর নাম দিয়ে থাকতে পারে।খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত মোড়ল ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ মণ্ডল জানান, উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের মাঠকর্মী মো. রিয়াজউদ্দিন যাচাই-বাছাই না করে তাঁদের দেওয়া তালিকা বাদ দিয়ে ইচ্ছামতো তালিকা তৈরি করেছেন।জানতে চাইলে মাঠকর্মী রিয়াজউদ্দিন মুঠোফোনে বলেন, ‘কিছু সমস্যা হয়েছে। রাজনৈতিক চাপে তালিকায় কিছুটা ত্রুটি হয়ে গেছে।’পল্লী উন্নয়ন কার্যালয় ও প্রকল্পের সমন্বয়কারী জয়ন্ত কুমার ঘোষ জানান, তালিকা তৈরির সময়কার প্রকল্পের সমন্বয়কারী শিরিন সুলতানা অন্যত্র বদলি হয়ে গেছেন। তিনি (জয়ন্ত) এই পদে যোগদান করেছেন ১৯ ফেব্রুয়ারি। তিনি যোগদানের আগেই ওই তালিকা ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মাত্র কয়েক দিন আগে এসেই শুনেছেন যে তালিকা প্রস্তুত যথাযথ হয়নি। তবে তা সত্ত্বেও তালিকা সংশোধনের সুযোগ আছে। বিষয়টি যাচাই করে সংশোধন করার চেষ্টা করবেন।খলিলনগর ইউনিয়নের দায়িত্বরত ট্যাগ অফিসার (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) জয়নুল আবেদিন বলেন, তালিকার একটি খসড়া করে তাঁকে দেখানোর কথা ছিল। কিন্তু দেখানো তো দূরের কথা, তাঁকে জানানোও হয়নি।খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব কুমার ঘোষ বলেন, প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা করার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে শুনেছেন যে সঠিকভাবে তালিকা তৈরি করা হয়নি।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসীর কাছে প্রকল্পের তালিকা দেখতে চাইলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, তালিকা সাংবাদিকদের দেওয়া অথবা দেখানোর বিধান নেই। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুনেছেন, তালিকায় কিছু অনিময় হয়েছে। অনিয়ম হয়ে থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।