চার দিন আগে চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬২ থেকে ৬৩ টাকায়। খুচরা বাজারের মূল্যতালিকায়ও টাঙানো আছে এই দর। তবে রোজার প্রথম দিনে গতকাল রোববার বাজারে এই দরে চিনি পাওয়া যায়নি। খুচরা বাজারে চিনি বিক্রি হয়েছে কেজি ৬৬ থেকে ৬৮ টাকা দরে। চিনি ছাড়া বেশির ভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
নগরের চৌমুহনী এলাকায় কর্ণফুলী সিডিএ মার্কেটে গতকাল সকালে এবং বিকেলে ষোলোশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
কর্ণফুলী সিডিএ মার্কেটের ব্যবসায়ী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পাইকারি বাজারে দর ওঠানামা করার কারণে চিনির খুচরা বাজারেও দর ওঠানামা করছে। রোজার প্রথম দিন কেজি ৬৪ টাকা দরে তাঁরা চিনি কিনেছেন পাইকারি বাজার থেকে। এই চিনি বাজারে আনার জন্য পরিবহনসহ আনুষঙ্গিক খরচ হয়েছে কেজিপ্রতি ২ টাকা। যে কারণে কেজি ৬৭ থেকে ৬৮ টাকায় চিনি বিক্রি করেছেন তাঁরা।
কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ঘুরে দেখা যায়, মেসার্স ইলিয়াছ অ্যান্ড সন্স দোকানের মূল্যতালিকায় টাঙানো রয়েছে প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য ৬২ টাকা। চিনির দাম কত, জানতে চাইলে বিক্রেতা বলেন, চিনির কেজি ৬৬ টাকা। মূল্যতালিকার সঙ্গে প্রকৃত দামের পার্থক্য কেন, জানতে চাইলে এই বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকে চিনি কেনায় খরচ পড়ছে বেশি।
চিনির দর অবশ্য কেজি ৬৮ থেকে ৭০ টাকায় ছিল কয়েক সপ্তাহ আগেও। তবে চট্টগ্রামের এস আলম গ্রুপ এবার কেজি ৫৮ টাকা ৫ পয়সা দরে চিনি বিক্রির ঘোষণা দেওয়ার পর দাম কমে যায়। গত সপ্তাহে এই দরে এস আলম গ্রুপ চিনি বিক্রি শুরু করার পর খুচরা বাজারেও চিনির দর নেমে আসে ৬১ থেকে ৬৩ টাকায়। তবে রোজাকে কেন্দ্র করে ক্রেতাদের চাপ বাড়তে থাকায় চিনির সরবরাহে টান পড়ে। ফলে চিনির দর আবারও কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে।
চিনি ছাড়া রোজার নিত্যপণ্যের দাম আগের চেয়ে কমেছে। রোজার সবচেয়ে বেশি চলে ছোলা। এই পণ্যটি বিক্রি হচ্ছে মানভেদে কেজি ৮০ থেকে ৮৪ টাকা। দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ছোলার দর ছিল কেজি ৮৫ থেকে ৯০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলেন, খাতুনগঞ্জ পাইকারি বাজারে ছোলার দর কমে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম কমে গেছে।
কাস্টম হাউসের তথ্যে দেখা যায়, এবার শুধু এপ্রিল মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। রোজার সময় ছোলার চাহিদা ধরা হয় ৭০ থেকে ৭৫ হাজার টন। ছোলা আমদানি বেশি হওয়ায় পাইকারি বাজারেও এখন দাম কমছে এই পণ্যটির। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।
ছোলা ছাড়াও খুচরা বাজারে মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দেশি মসুর ডাল কেজি ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ মিলছে কেজি ২০ টাকায়। মটর ডাল, খেসারি ডাল, সয়াবিনসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
গতকাল বিকেলে কর্ণফুলী কমপ্লেক্স বাজারে কথা হয় ক্রেতা জামাল উদ্দিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, রোজার পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে গরুর মাংসের দাম বেশি। কেজি ৬২০ টাকার নিচে গরুর মাংস মিলছে না।
কাঁচাবাজারে রোজার পণ্যের দাম এবার স্থিতিশীল দেখা গেছে। প্রতি কেজি মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও বেগুন পাওয়া যাচ্ছে কেজি ৪০ থেকে ৫০ টাকায়। এর বাইরে বেশির ভাগ সবজির দর ২৫ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।