তালোড়ায় নৌকাসহ ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তছলিম উদ্দিন আকন্দের ভরাডুবি হয়েছে। তাঁরটাসহ সংরক্ষিত মহিলা পদে দুজন ও সাধারণ সদস্য পদে আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় উপস্থিত ভোটারের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
গত মঙ্গলবার তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা পদে আটজন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০ হাজার ৭৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫৮৮ জন ভোট দেন।
ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে তছলিম উদ্দিন আকন্দ, সংরক্ষিত মহিলা পদে ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬) মমতাজ হক, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ৯) সুফিয়া বেগম, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে কায়মুদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে হেলাল খন্দকার, ৪ নম্বর ওয়ার্ডে আবদুল খালেক মণ্ডল, আবদুল হাকিম, আবদুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডে তছলিম আলী, ৬ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডে মদন কুমার প্রামাণিক নিজ নিজ এলাকার ভোটার সংখ্যার আট ভাগের এক ভাগও ভোট পাননি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, এরই মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন জামানত বাজেয়াপ্ত ব্যক্তিদের তালিকা করবে। তফসিল মোতাবেক চেয়ারম্যান পদে পাঁচ হাজার এবং সদস্য পদে এক হাজার টাকা জামানত জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়েছে।