তালেয়া রেহমান ক্যানসারে আক্রান্ত
বেসরকারি সংস্থা ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের ম্যাকমিলান ক্যানসার সেন্টারে ভর্তি হয়েছেন। তালেয়া রেহমানের বয়স ৮২ বছর।
তালেয়া রেহমান বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এ বি এম ইউনুসের অধীনে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশে চিকিৎসাধীন থাকার সময় তাঁর রক্তে উচ্চমাত্রার শ্বেতকণিকার অস্তিত্ব পাওয়া যায়। এরপর লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
তালেয়া রেহমানের স্বামী সাংবাদিক শফিক রেহমান। তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের ৬০ বছরের সংসার। স্ত্রী অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। টেলিফোনে অসুখের কথা শুনেছেন। কিন্তু কিছু করতে পারছেন না। শফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিনে থাকলেও তাঁর পাসপোর্ট আদালতে জমা রয়েছে। এ কারণে তিনি লন্ডনে যেতে পারছেন না।
মুঠোফোনে তালেয়া রহমান তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি প্রথম সন্দেহ করা হয় ক্যানসারে আক্রান্ত হয়েছি। ওই দিনই ছিল আমার ও শফিকের বিয়ের ৬০ বছর। এতটা বছর একসঙ্গে থেকেছি। শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারব কি না জানি না।’