তালোড়া ইউপির নির্বাচন হয় না ১২ বছর
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত ১২ বছরেও হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংরক্ষিত পদে একজন নারী সদস্য ও সাধারণ সদস্য পদে দুজনকে দিয়ে চলছে পরিষদের কার্যক্রম। ফলে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।
ইউপি সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি তালোড়া ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালের ১২ এপ্রিল ইউনিয়নের একটি অংশ নিয়ে গঠিত হয় তালোড়া পৌরসভা। ২০১৩ সালের ৮ মে পৌরসভার প্রথম নির্বাচন হয়। ইউপির দুজন সদস্য মোশাররফ হোসেন ও তোফাজ্জল হোসেন পৌর কাউন্সিলর নির্বাচিত হন। সংরক্ষিত আসনের দুজন নারী ইউপি সদস্য ও দুজন সাধারণ সদস্যও পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ চারজন পরাজিত হন।
২০০৩ সালের নির্বাচনের কয়েক মাসের মাথায় দুজন ইউপি সদস্য ইছাহাক আলী ও বাচ্চু মিয়া চাকরি নিয়ে বিদেশে চলে যান। ২০০৭ সালে ১৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হাতে খুন হন চেয়ারম্যান মোহাম্মদ আলী। এরপর ২৬ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক সরদার।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। নওদাপাড়া গ্রামের রাহেলা বেওয়া (৫৬), শোলাপাড়া গ্রামের নজরুল ইসলাম (৬৫), গাংবেলঘরিয়া গ্রামের রহিমা বেগম (৪৮), দেবখণ্ড গ্রামের আবদুস সোবহানের (৫৪) সঙ্গে। আবদুস সোবহান বলেন, ‘হামাকের খোঁজখবর ল্যাওয়ার কোনো মেম্বর, চিয়ারমেন ন্যাই। হামরা কোনো ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা পাই না। রাস্তাঘাটের যে অবস্থা, বর্ষার মধ্যে গ্রামত ঢোকা যায় না।’
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে যে বরাদ্দ আসে, তা যথা সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সবাইকে দেওয়া সম্ভব হয় না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশ পাওয়ার পর নির্বাচনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।