তালোড়া পৌরসভা নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, তফসিল অনুযায়ী ১১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২১ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ এপ্রিল তালোড়া ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করে গেজেট প্রকাশ করা হয়। পৌরসভা ঘোষণার পর ওই বছরের মে মাস থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বদলির পর উপজেলা প্রকৌশলী আশরাফ আলী খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় যথাসময়ে তালোড়া পৌরসভার নির্বাচন হয়নি। একই কারণে গত বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে পারেনি নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১২ সালের ২০ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা সাতটি ওয়ার্ড বিভক্তিকরণের গেজেট ঘোষণা করে। রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক আজই (বৃহস্পতিবার) নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করা হবে।