তালোড়াকে উপজেলা করার দাবিতে মানববন্ধন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দরকে উপজেলা করার দাবিতে গতকাল রোববার ব্যবসায়ী, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছে।তালোড়া উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। বন্দরের কয়েকটি রাস্তাজুড়ে মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত পৌর প্রশাসক ও আওয়ামী লীগের নেতা আমিরুল ইসলাম, উপদেষ্টা এ টি এম আমিনুল হক, শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরদার, কমিটির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুল আলম প্রমুখ। উপজেলা বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে সমাবেশে বক্তারা বলেন, ‘তালোড়া শিল্প নগরী হিসেবে পরিচিত। এখানে কয়েকটি ব্যাংক, অ্যালুমিনিয়ান কারখানা, অটো মিল, চাতাল ও কয়েকশ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্যই উপজেলা হওয়া প্রয়োজন। আমরা যেকোনো ত্যাগের বিনিময়ে উপজেলা বাস্তবায়ন করব।’গত বছরের মে মাসে তালোড়া ইউনিয়নের একাংশ নিয়ে পৃথক পৌরসভা গঠন করা হয়। এর পর জানুয়ারি মাস থেকে এলাকার সর্বস্তরের মানুষ উপজেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছে।