তালোড়ায় চালককে মারধর, ট্রাকে মাল পরিবহন বন্ধ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় ট্রাকে মালামাল ওঠানো-নামানোর কাজ ও পরিবহন গত রোববার থেকে বন্ধ রয়েছে। এক ট্রাকচালককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় তালোড়া বাজারের চাতাল ব্যবসায়ী ও ট্রাকমালিক রেজানুর রহমানের সঙ্গে তাঁর ট্রাকের চালক ফরিদ আলীর প্রতিদিনের ভাড়ার হিসাব-নিকাশ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজানুর রহমান ট্রাকচালক ফরিদ আলীকে মারধর করেন। এ ঘটনার বিচারের দাবি জানিয়ে ওই দিন সন্ধ্যায় ট্রাকচালক সমবায় সমিতির উদ্যোগে বাজারে মাইকিং করে ট্রাকে মালামাল ওঠানো-নামানো বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় বিভিন্ন মোকাম থেকে আসা ট্রাক থেকে মালামাল নামানো যাচ্ছে না।রেজানুর রহমান বলেন, ‘আমার ট্রাকের চালক আজ দুই সপ্তাহ ধরে কোনো হিসাব-নিকাশ দিচ্ছে না। তার কাছে হিসাব চাওয়ায় সে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে অশ্লীল ভাষায় গালাগাল করেছে। এমনকি আমাকে না জানিয়ে ওই চালক তার সহকারীকে দিয়ে ট্রাকটি কয়েকটি মোকামে ট্রিপ খাটিয়েছে। এ বিষয়ে কথা বলার সময় একপর্যায়ে আমি তাকে চড় মেরেছি।’তালোড়া বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, ‘আমার চাতালের জন্য বিভিন্ন মোকাম থেকে ধান এসে আটকা পড়ে গেছে। এমনকি চাতালের চালও বিক্রি করা যাচ্ছে না।’ ট্রাকচালক সমবায় সমিতির সভাপতি আনিছার রহমান বলেন, ‘ফরিদ আলীকে অন্যায়ভাবে ওই ট্রাকমালিক মারধর করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মালামাল ওঠানো-নামানো ও পরিবহন বন্ধ করে দিয়েছি।’