তাসনিমের খুনিরা পূর্বপরিচিত বলে পুলিশের ধারণা
পূর্বপরিচিত কেউ রাজধানীর স্কুলছাত্রী তাসনিম রহমানকে (১৩) হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। স্বজনেরা কয়েকজন সন্দেহভাজনের নাম বলেছে পুলিশকে।গত সোমবার সন্ধ্যায় হাজারীবাগের ভাগলপুর লেনের ভাড়া ফ্ল্যাট থেকে তাসনিম রহমানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তাসনিমের বাবা আইনজীবী মিজানুর রহমান সোমবার রাতে হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।তবে নিহত তাসনিমের মামা মো. সোহেল প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েকজন সন্দেহভাজনের নাম পুলিশকে বলেছেন। বাবা মিজানুর রহমানের ধারণা, ঘটনাটি পরিকল্পিত। তবে পুলিশ পূর্বপরিকল্পনার বিষয়ে কিছু বলেনি।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেই মনে হচ্ছে। ওসি বলেন, ঘটনাস্থল দেখে মনে হয়েছে, জিআই তার দিয়ে শ্বাসরোধের পর বঁটি দিয়ে মেয়েটির গলা কাটা হয়েছে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পক্ষে একা এ কাজ করা সম্ভব। তবে হত্যাকাণ্ডে একাধিক লোকও জড়িত থাকতে পারে।ঘর থেকে দুটি চেইনসহ প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গতকাল দুপুরে হাজারীবাগ পার্ক মাঠে তাসনিমের জানাজা হয়। এরপর ময়মনসিংহের গফরগাঁওয়ের সুলহাসিয়া গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।