শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর বড় ছেলে এবং অধ্যাপক আনিসুজ্জামানের জামাতা তাসনীম সুমন হায়দার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়। তাঁর কুলখানি আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গুলশানে প্রয়াত তাসনীম সুমন হায়দার চৌধুরীর বাসভবনে যান। এ সময় তিনি তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কফিনের পাশে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে যাওয়ার পথে তাসনীম সুমন হায়দার চৌধুরী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে গত মঙ্গলবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।