তাসফিয়ার শ্বশুর-শাশুড়ি জেলে

স্বামীর নির্যাতনে হাত-পা ও বুক-পিঠের হাড় ভাঙা এবং মাথা ফাটানোর ঘটনায় করা মামলায় আদালত গতকাল মঙ্গলবার গৃহবধূ রিফাহ তাসফিয়ার শ্বশুর-শাশুড়ি ও দুই ভাশুরের জামিন বাতিল করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম জুলফিকার উল্লাহ এই আদেশ দেন।
রিফাহ তাসফিয়ার আইনজীবী মুন্না সাহা জানান, গতকাল এ মামলার হাজিরার নির্ধারিত দিন ছিল। মামলার আসামি রিফাহ তাসফিয়ার স্বামী সামিউল হক কারাগারে রয়েছেন। তাঁর মা জাহানারা বেগম, বাবা ফজলুল হক ও দুই ভাশুর ফয়সাল ও সজীবকে এর আগে ২১ জুলাই আদালত জামিন দিয়েছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে আসামিরা মামলার হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় বাদীর আইনজীবী মুন্না সাহা জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানান। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ জুলাই রিফাহ তাসফিয়া স্ট্রেচারে করে আদালতে এসে নির্যাতনের বর্ণনা দেন। গত ১১ জুলাই থেকে রিফাহ তাসফিয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন ছিলেন। ২৪ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বছর দেড়েক আগে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে রিফাহ তাসফিয়ার সঙ্গে নগরের ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার ফজলুল হকের ছেলে সামিউল হক ওরফে সোয়াদের বিয়ে হয়। পরিবারের অমতে দুজনে প্রেম করে বিয়ে করেন। রিফাহ তাসফিয়া মা-বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে তাঁর পরিবার বিয়েটা মেনে নেয়। পরে স্বামীর নির্যাতনের কারণে বিভিন্ন সময়ে তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতেন। কয়েক দিন ধরে সামিউল তাঁকে বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিলেন। এরই জের ধরে গত ১১ জুলাই দুপুরে তাঁর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।