তাসলিমার জীবন থেমে থাকেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসলিমা আক্তারের মুখে অ্যাসিড নিক্ষেপের দাগ স্পষ্ট। তবে তাই বলে তাঁর জীবন থেমে থাকেনি। তাসলিমা হেসে জানালেন, ২০০৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। এখন তিনি দুই মেয়ের মা। স্বামী এবং স্বামীর বাড়ির অন্যরা বিয়ের সময় বলেছিলেন, চামড়ার দাগ দেখলে হবে না, দেখতে হবে মনটা কেমন। ওই মনোভাবের পরিবর্তন ঘটেনি এখন পর্যন্ত।
গত রোববার তাসলিমা আক্তারের সঙ্গে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ইউনিটের ভেতরে (নিচতলায়) অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশন অ্যাসিডদগ্ধ, যেকোনো পোড়া রোগী, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবকারীসহ বিভিন্ন রোগীর জন্য ‘প্রেশার গার্মেন্টস’ (বিশেষ পোশাক) বিক্রি করছে। সেখানেই প্রেশার গার্মেন্টস ট্রেইনি হিসেবে কাজ করছেন তাসলিমা।
ময়মনসিংহের নান্দাইলে তাসলিমার বাড়ি। তাঁরা তিন বোন। বাবা বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০০১ সালে বাবার সঙ্গে স্কুল ব্যবস্থাপনা কমিটির বিরোধ দেখা দেয়। তার জেরে ধরে ঘরে ঘুমন্ত তাসলিমা ও তাঁর ছোট বোনের গায়ে অ্যাসিড মারে এক দুর্বৃত্ত। বোনের তেমন কোনো ক্ষতি না হলেও তাসলিমার মুখ, হাত, গলাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়। এ পর্যন্ত মোট নয়টি অস্ত্রোপচার করতে হয়েছে। অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনের সহায়তায় চিকিৎসা করিয়েছেন। মামলার মূল আসামি বর্তমানে জামিনে আছে।
তাসলিমা নিজেও প্রেশার গার্মেন্টস ব্যবহার করেছেন। জানালেন, এটি বিশেষভাবে তৈরি একধরনের কাপড়। শরীরের মাপ অনুযায়ী বানানো হয়। এটি ব্যবহারের সুফল অনেক। তাসলিমা জানালেন, বাইরের তুলনায় এখানে বেশ খানিকটা কম মূল্যেই বিক্রি করা হচ্ছে প্রেশার গার্মেন্টস।