তাসের দেশে মুগ্ধ দুপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার দুপুরে যেন তাসের দেশ হয়ে উঠেছিল ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। মাঠে বানানো মঞ্চজুড়ে আছে বড় বড় দুটি তাস। সামনে-পেছনেও তাসের ছড়াছড়ি। উপস্থিত দর্শকও অপেক্ষা করে আছে কখন মঞ্চে উঠবেন তাসের দেশের কুুশীলবেরা।গতকাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘তাসের দেশ’। সে উপলক্ষেই তাসের নকশায় সাজানো মঞ্চ। এর দুই পাশে লাল আর খয়েরি রঙের শাড়ি পরে বসল, যারা গান গাইবে আর নাট্যাংশে কণ্ঠ দেবে। শুরুতে তাসের দেশ সম্পর্কে অল্প কথায় ধারণা দেওয়া হলো। ‘তাসের দেশ এমনই এক দেশ, যে দেশে আছে কেবল নিয়ম আর নিয়ম। এই দেশে কোনো আনন্দ নেই, শুধু কড়া নিয়ম। একদিন এল এক রাজপুত্র। সে নিয়ম ভাঙার গান গাইল। তার সঙ্গে সঙ্গে তাসের দেশের সবাই স্বাধীনচেতা হয়ে উঠতে চাইল। মানুষের প্রাণশক্তিতে সজীব মানুষ হয়ে ওঠার বাসনা হলো সবার।’ কথা শেষ হতেই ‘হেইয়া হো হেইয়া’ শব্দে নৌকা চালাতে চালাতে মঞ্চে এল একদল শিশু। পাশে বসা শিল্পীরা গেয়ে উঠল, ‘খরবায়ু বয় বেগে, চারিদিক ছাই মেঘে’। গান শেষে মঞ্চে রাজপুত্রের আবির্ভাব। যে রাজপ্রাসাদের গুমোট আলো-ছায়া থেকে বেরিয়ে ছুটে বেড়াতে চায় মুক্ত স্বাধীন হয়ে। অনেক গল্পের পর রাজপুত্র পৌঁছায় তাসের দেশে। সেখানে সবার চলাফেরা দমদেওয়া পুতুলের মতো নিয়মমাফিক। পুতুলের মতো কথা বলে, তেমন করেই নড়েচড়ে। এরপর নাচে-গানে এগিয়ে যায় নৃত্যনাট্য ‘তাসের দেশ’। শিক্ষার্থীদের তাসেরা নকশা করা বর্ণাঢ্য পোশাক-আশাক আর চমত্কার নৃত্যাভিনয় দর্শকদের দিয়েছে নির্মল আনন্দ। ওস্তাদ মোমতাজ আলী খান সম্মাননা পদক প্রদান‘তখন ১৯৪৯-৫০ সাল। আমি স্কুলে পড়ি। সেই সময় ওস্তাদ মোমতাজ আলী খানের সংস্পর্শে আসি। তখন আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আসতেন ওস্তাদ মোমতাজ আলী খান ও আব্দুল আলীম। শিল্পাচার্য জয়নুল আবেদিন বলতেন, শুধু আঁকার কৌশল জানলে একজন ভালো শিল্পী হওয়া যায় না। গান একজন চিত্রশিল্পীর কাজকে ঋদ্ধ করে। তাঁর এই কথার পরিপ্রেক্ষিতে তখন যাঁদের গান শুনেছি, তাঁদের অন্যতম ছিলেন ওস্তাদ মোমতাজ আলী খান। সেই সব গানের রেশ এখনো আমার কানে বাজে। সেই সুরের প্রভাব আজও আমার চিত্রাঙ্কনে যুক্ত করে নতুন মাত্রা।’ বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন লোকসংগীতশিল্পী নাদিরা বেগম। সভাপতিত্ব করেন একাডেমির নির্বাহী পরিচালক রুপু খান। অনুষ্ঠানে কবি শামসুর রাহমান (মরণোত্তর) ও লোকসংগীতশিল্পী মোহাম্মদ হাশেমকে ওস্তাদ মোমতাজ আলী খান পদক দেওয়া হয়। শামসুর রাহমানের পক্ষে পদক ও সম্মাননাপত্র গ্রহণ করেন কবিপত্নী কবি জোহরা রাহমান। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।একাডেমির শিক্ষার্থীদের দলীয় নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। পরে ছিল গান। ‘কদুর আগা কাইটটা গোড়ারে কাইটটা’, ‘পাখি কইও বন্ধের নাগাল পাইলে’, ‘চারাগাছে ফুল ফুইটাছে’, ‘বন্ধু জান কি জান না’সহ প্রায় আড়াই ঘণ্টা ওস্তাদ মোমতাজ আলী খানের লেখা ও সুর করা গানে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন একাডেমির শিল্পীরা।গল্পের আসরকথাসাহিত্য কেন্দ্র গল্পপাঠের আয়োজন করেছিল গত শুক্রবার কাকরাইলের অনুপ্রাস মিলনায়তনে। ফাইজুস সালেহীনের সভাপতিত্বে আসরে আলোচনা করেন নূরুল করিম, জামির হোসেন, আনিসুর রহমান ফরাজি, শেখ শামসুল হক রফিক সিদ্দিকী প্রমুখ। পরে নিজের লেখা গল্প পড়ে শোনান আলী লিয়াকত, লিনডা আমিন, রানা জামান, আরমান হায়দার, পারু পারভীন, ইদ্রিস সরকার, মতিয়ারা চৌধুরী, রেজা সেলিম, শামস সাঈদ প্রমুখ।