গুলশানের হলি আর্টিজান বেকারিতে (রেস্তোরাঁ) জঙ্গি হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা তাহমিদ হাসিব খান জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করার পর রাতে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা গতকাল তাহমিদের জামিনের আবেদন মঞ্জুর করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর রাতে প্রথম আলোকে বলেন, জামিনের কাগজপত্র কারাগারে আসার পর রাত সোয়া ১০টার দিকে তাহমিদকে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে তাহমিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় তথ্য গোপনের অভিযোগ এনে গতকাল আদালতে পুলিশ একটি আবেদন করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, এই আবেদনের ওপর শুনানির জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। তিনি বলেন, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর এক প্রতিবেদন দিয়ে তাহমিদকে ৫৪ ধারায় গ্রেপ্তারের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তাহমিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তদন্ত শেষে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়। অব্যাহতি-সংক্রান্ত এ আবেদনের ওপরও ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জিম্মি করা ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। তার আগে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।
অভিযানের আগে ও পরে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় ৩২ জন জিম্মিকে। তাঁদের মধ্যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাসনাত রেজা করিম ছিলেন। তাহমিদ ১ জুলাই সকালে দেশে ফিরেছিলেন। ২ জুলাই সকালে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে যে কয়জনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তাঁদের মধ্যে তাহমিদ ও হাসনাত করিমও ছিলেন। পরে পুলিশ তাঁদের সবাইকে ছেড়ে দেওয়ার দাবি করলেও তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে তাঁদের পরিবার গণমাধ্যমকে জানায়। এরপর ৩ আগস্ট এই দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বলা হয়, ওই দিন হাসনাত করিমকে গুলশান-তেজগাঁও লিংক রোড থেকে এবং তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে পুলিশ তাহমিদ ও হাসনাতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে তাহমিদকে কারাগারে পাঠানো হয়। তবে ১৩ আগস্ট হাসনাত করিমকে গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার রিমান্ডে নেয় পুলিশ। হাসনাত করিম বর্তমানে কারাগারে আছেন।