তাহমিদকে রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হচ্ছে
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার করা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ছয় দিনের রিমান্ড গতকাল শুক্রবার শেষ হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদকে গত শনিবার ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এদিকে গুলশানে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আট দিনের রিমান্ডে নেওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে ৫৪ ধারায় তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তাহমিদের কাছ থেকে গুলশানে হামলা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে হাসনাত করিমও মুখ খুলছেন না। রিমান্ড শেষে আজ শনিবার তাহমিদকে আদালতে পাঠানো হবে। প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হতে পারে।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সময় সেখানে সপরিবার ছিলেন হাসনাত। তাহমিদও ওই সময় রেস্তোরাঁয় ছিলেন। রেস্তোরাঁটিতে জঙ্গিরা ১৭ জন বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হন। অভিযানের আগেই সপরিবার হাসনাত করিম, তাহমিদসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।
২ জুলাই হাসনাত ও তাহমিদকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ হেফাজতে নেয়। ৮ জুলাই কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসনাত করিম ও তাহমিদকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তখন থেকে দুই পরিবার বলে আসছিল, হাসনাত ও তাহমিদ বাসায় ফিরে যাননি। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশানের আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৪ আগস্ট রিমান্ডে নেওয়া হয়।