তাহমিদের খোঁজে বন, জঙ্গল ও পাহাড়ে তল্লাশি!

নিখোঁজ ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদের খোঁজে এখন বন, জঙ্গল ও পাহাড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বিমানবাহিনী। তাঁর পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য দেওয়া হয়। তাহমিদের ছোট ভাই সালমান তামজিদ বলেন, পরিবারের অনুরোধেই বিমানবাহিনী এ ধরনের তল্লাশি অভিযান চালাচ্ছে।
গত ২৯ জুন সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদ (২৪)। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তাঁর সংযোগ বিচ্ছিন্ন হয় বেলা ১১টা ১৪ মিনিটে। আনুমানিক সাড়ে ১১টার দিকে যুদ্ধবিমানটি পতেঙ্গায় বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিধ্বস্ত হয়। সেই থেকে নিখোঁজ এ পাইলট।
তবে বিমানটির বঙ্গোপসাগরে বিধ্বস্ত হওয়া নিয়ে তাঁর পরিবার সন্দিহান। তাহমিদের ছোট ভাই বলেন, ‘বিমানটি যে সাগরে বিধ্বস্ত হয়েছে সেটিতো কেউ দেখেনি। কয়জন প্রত্যক্ষদর্শী আছে? আর সাগরে বিধ্বস্ত হলে তো এত দিনে বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়ার কথা। যে দুইটি পাখা ওই দিন পাওয়া গেছে ওগুলো বিমানের পাখা না। ওগুলো এক্সট্রা অয়েল ট্যাংকার (অতিরিক্ত তেল বহনকারী অংশ)। বিমানে কোনো ত্রুটি হলে পাইলট ওগুলো রিলিজ করে দেয়।’
পরিবারের দাবি, তাহমিদের বিমানটি সাগরে বিধ্বস্ত না হয়ে আশপাশের কোনো জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে। তাই তাঁরা গতকাল বিমানবাহিনীর কাছে অনুরোধ করেছেন আশপাশের বন, জঙ্গল ও পাহাড়ে যেন বিমানটির খোঁজে তল্লাশি চালানো হয়। তাহমিদের আরেক ছোট ভাই আদনান তৌফিক জানালেন, সেই অনুরোধেই গতকাল থেকে এ ধরনের সম্ভাব্য জায়গাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে বিমানবাহিনীর পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে।
আদনান বলেন, ‘আমাদের দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মনে হচ্ছে ভাইয়ার বিমানটি সাগরে বিধ্বস্ত হয়নি। আমরা বিমানবাহিনীকে সে বিষয়ে জানিয়েছি। আজকে কথা হয়েছে ভাইয়ার কোর্স মেটসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে। তাঁরা বলেছেন, তল্লাশি চলছে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে, কোনো বিমানে ধ্বংসাবশেষ বা কিছু পাওয়া যায় কিনা সেটি খোঁজ করতে।’
তাহমিদকে ছাড়াই ঈদ: এর আগেও তাহমিদকে ছাড়া ঈদ উদ্যাপন করেছে পরিবার। কিন্তু এবারের ঈদটা ছিল একেবারেই ভিন্নরকমের। ২০০৯ সালে বিমানবাহিনীতে যোগ দেওয়ার পর ছুটি না পাওয়ায় দুই থেকে তিনবার ঈদে বাড়ি যেতে পারেননি তাহমিদ। তবে সে ঈদগুলোতে পরিবারের সদস্যরা জানতেন তাহমিদ কোথায় আছেন, কেমন আছেন। কিন্তু এই ঈদে তাহমিদ পরিবারের সঙ্গে যেমন ছিলেন না, পরিবারও জানে না তাহমিদ কেমন আছেন, কোথায় আছেন।
তাহমিদের ছোট বোন লামিয়া সামিন বলেন, ‘এই প্রথমবারের মতো ঈদ করলাম যখন জানি না, ভাইয়া কোথায় আছে, কেমন আছে? ’ ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা-মা দুজনই পাগল-প্রায়। তাঁদের অবস্থা জানতে চাইলে লামিয়া বলেন, ‘আম্মু কিছুক্ষণ পরপরই কাঁদে। তবে মানুষ থাকলে একটু কথা বলে তাঁদের সঙ্গে। একা হয়ে গেলে আবার কাঁদে।’
বিমানবাহিনীর অফিসার হওয়ার পর থেকে যেকোনো এক ঈদে ছুটি পেতেন তাহমিদ। গত ঈদে তিনি বাড়িতে ছিলেন তবে বাড়িতে ছিল না ছোট ভাই সালমান তামজিদ। পড়াশোনার কারণে তাঁকে থাকতে হয়েছিল মালয়েশিয়ায়। তবে এবার ঈদে বাড়িতে আসবেন সালমান, এ কথা জানতেন তাহমিদ। তাই খুশি ছিলেন পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারবেন বলে। তাহমিদের নিখোঁজ হওয়ার কিছুদিন আগে এক খালাতো বোনের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাহমিদের। তাহমিদ বলেছিলেন, ‘এই বার ঈদে খুব মজা হবে। সালমানও আসবে। আমরা সবাই থাকব এই ঈদে।’
সালমান ছিলেন। কিন্তু ছিলেন না তাহমিদ। মজা করাও হলো না তাহমিদের। তাহমিদকে ছাড়াই ঈদ করতে হলো সবাইকে। তবে পরিবারের আশা, তাহমিদ ফিরে আসবেন। সামনের ঈদগুলো উদ্যাপন করবেন সবার সঙ্গে।