তাহমিদের জামিন আবেদন নাকচ
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদ হাসিব খানের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম)। আদালত আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালত পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গতকাল রোববার তাহমিদের পক্ষে তাঁর আইনজীবীরা ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবীর তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের কাছে ৩০ দিন সময় চেয়ে আবেদন করেন। আদালত ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাহমিদ হাসিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করে।
গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেপ্তার দেখায়। আর তাহমিদকে ৫৪ ধারার মামলায় পুনরায় রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ আগস্ট তাঁকে আদালতে পাঠান আদালত।