তাহমিমা আনামের নতুন উপন্যাস পড়ছেন করবিন

বাংলাদেশি লেখক তাহমিমা আনামের উপন্যাস দ্য বোনস অব গ্রেস পড়ছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। গত বুধবার বিবিসির প্রভাতি আয়োজন ‘ভিক্টোরিয়া ডার্বিশায়ার’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের মেয়ে তাহমিমার ত্রয়ী উপন্যাসের শেষ পর্ব দ্য বোনস অব গ্রেস। এই ত্রয়ীর আগের দুটি বই হলো আ গোল্ডেন এজ এবং দ্য গুড মুসলিম। গত মে মাসে দ্য বোনস অব গ্রেস প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেইট।
নিজ দলের এমপিদের চ্যালেঞ্জের মুখে করবিনকে এক বছরের মাথায় পুনরায় দলীয় নেতা নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে। তাঁর সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন এমপি ওয়েন স্মিথ। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরাসরি বিতর্ক আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছিল বুধবারের ভিক্টোরিয়া ডার্বিশায়ার অনুষ্ঠানটি।
বিতর্কের শুরুতে করবিনকে নিজের সম্পর্কে বলার জন্য এক মিনিট সময় দেওয়া হলে তিনি রাজনীতি ও সমাজসেবায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশাপাশি তিনি বলেন, ‘আমি মনে করি মানুষকে সব সময় তাঁর পেশার মধ্যে ডুবে থাকা উচিত নয়। আমাদের উচিত ব্যাপকভাবে পড়াশোনা করা এবং ভিন্ন আঙ্গিকে চিন্তার চেষ্টা করা।’ এ পর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপিকা করবিনের কাছে জানতে চান তিনি এখন কোন বইটি পড়ছেন?
জবাবে করবিন জানান, এ মুহূর্তে তিনি একজন বাংলাদেশি লেখকের বই পড়ছেন, যিনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন। বইটি উপন্যাসের। নাম দ্য বোনস অব গ্রেস।
উপন্যাসটির খানিকটা বর্ণনা দিয়ে করবিন বলেন, হার্ভার্ড থেকে পড়াশোনা শেষ করে একটি মেয়ে বাংলাদেশে ফিরে গেছে। তারপর চট্টগ্রামের উপকূল এলাকায় জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছে। শ্রমিকদের প্রতি নির্দয় আচরণ আর দুর্নীতির ঘটনাপ্রবাহে উপন্যাসের গল্পটি কেবল সংঘাতময় হয়ে উঠেছে।
করবিন বেশ মজা করেই বলেন, ‘এখনো আমি উপন্যাসটির শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি।’